
ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধানকে (৫২) জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর গুলশান থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য আইনের এক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
শামসুদ্দোহা সুমন বলেন, সেলিম প্রধানকে গ্রেপ্তার দেখানোর আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সিদ্ধার্থ মন্ডল। শুনানিতে সেলিম প্রধানকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষ। আদালত আবেদনটি মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, আজ শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরোধিতা করেন। এ ছাড়া তাঁরা সেলিম প্রধানের জামিনের আবেদন জানান। এ আবেদন নামঞ্জুর করেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থান চলাকালে গুলশান থানার নতুন বাজার বাঁশতলা এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা, নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মো. তৌহিদ মিয়া গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে ২০২৫ সালে আদালতে মামলা করেন। মামলায় ৮৮ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয়ের আসামি ১০০ থেকে ২০০ জন।
সেলিম প্রধানকে গত বছরের সেপ্টেম্বরে অন্য মামলায় গ্রেপ্তার করা হয়। তখন থেকে তিনি কারাগারে আছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে।