আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরিচিতিমূলক সভায় মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরিচিতিমূলক সভায় মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে

দুর্নীতি করে কেউ পার পাবে না: আইনমন্ত্রী আসাদুজ্জামান

দুর্নীতি করে কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নেওয়া হবে না, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।’

গতকাল মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতিমূলক সভায় এই হুঁশিয়ারি দেন আসাদুজ্জামান। এর আগে উভয় বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীকে আইন মন্ত্রণালয়ে স্বাগত জানান।

আইনমন্ত্রী বলেন, ‘বিচারক শব্দটার সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত। বিচারককে সৎ-অসৎ—এই জায়গায় আমি দেখতে চাই না।’

বিচারক মানেই সৎ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘যাঁদের মনে হবে যে চাকরির টাকায় সংসার চলে না, যাঁদের এই টাকায় পোষাবে না, তাঁদের চাকরি করার দরকার নেই। তাঁরা ওকালতি করুক, কারণ তাঁদের অবসরের পরে ওকালতি করার সুযোগ থাকে। এটা আমার কমন মেসেজ (সাধারণ বার্তা)।’

দুর্নীতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘যদি কেউ মনে করেন, দুর্নীতি করে পার পাবেন, এটা এখানে পাবেন না। কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নেব না, সঙ্গে একটি দুর্নীতির মামলাও দেওয়া হবে। এই বিষয়টি সবাইকে স্মরণ রাখতে হবে।’