আবার সীমান্ত হাট চালুর আলোচনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়নমন্ত্রী (ডোনার) জি কিষেন রেড্ডি। বুধবার, মৌর্য হোটেল, নয়াদিল্লি  
ছবি: পিআইডি

ভারত–বাংলাদেশের সম্পর্ক আরও জোরদারে প্রচলিত বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি সীমান্ত হাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিষয়টি বিবেচনায় নিয়ে করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া সীমান্ত হাটগুলো আবার চালুর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়নমন্ত্রী (ডোনার) জি কিষেন রেড্ডির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কিষেন রেড্ডি।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির চেষ্টা বেশ কিছুদিন ধরেই চলছে। কিন্তু প্রয়োজনমতো তা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে যোগাযোগের স্বল্পতা। এই বৈঠকে সেই বাধাগুলো দূর করার বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী কিষেন রেড্ডিকে বলেন, আঞ্চলিক মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা যত বেশি সফর করবেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা তত দ্রুত বাড়বে। কিষেন রেড্ডি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। প্রধানমন্ত্রী মোদি আন্তরিকভাবেই বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী। তেমন হলে মন্ত্রী হিসেবে তিনিই প্রথম বাংলাদেশ সফর করবেন।

আলোচনায় কিষেন রেড্ডি সীমান্ত হাট চালুর প্রস্তাব করেন। ভারতের পাঁচ সীমান্তবর্তী রাজ্যের সঙ্গে কথা বলে দুই দেশ মোট ৭০টি স্থান সীমান্ত হাটের জন্য চিহ্নিত করে। এগুলোর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৩৫টি, মেঘালয়ে ২২টি, ত্রিপুরায় ৫ এবং আসাম, মিজোরামে ৪টি করে ৮টি। এগুলোর মধ্যে মোট চারটি সীমান্ত হাট চালু হয়েছিল। কোভিডের সময় থেকে ত্রিপুরার দুটি সীমান্ত হাট বন্ধ রয়েছে। সেগুলো দ্রুত খোলার আরজি জানানো হয়। স্থলবন্দর বাধা দূর করার প্রয়োজনীয়তার ওপরেও জোর দেওয়া হয়।

কিষেন রেড্ডি আগরতলা–আখাউড়া রেললাইন নির্মাণ ও সংলগ্ন সমন্বিত চেকপোস্ট তৈরির জটিলতার প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, ভারতের অর্থায়নে পুরো প্রকল্পটি তৈরি হলেও বাংলাদেশের দিকে কাজের ধীরগতিতে শেষ হচ্ছে না। এই প্রকল্প বাস্তবায়নের ওপর নির্ভর করছে গোটা এলাকার বাণিজ্যিক সম্ভাবনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টির দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভারতের উত্তর–পূর্বাঞ্চল চা চাষে অত্যন্ত সমৃদ্ধ। বৈঠকে এ বিষয়ে বলা হয়, ভারত থেকে চা আমদানিতে বাংলাদেশ আগ্রহী হলে উত্তর–পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বহুলাংশে বৃদ্ধি পাবে। দুই দেশই তাতে উপকৃত হবে। বাংলাদেশে চা আমদানির একটা বড় অংশ হয় শ্রীলঙ্কা থেকে। চা ছাড়া বেশ কিছু খনিজ পদার্থ, সিমেন্ট, প্লাস্টিক পণ্য, বাঁশ, প্রক্রিয়াজাত খাদ্য, পর্যটন ও পরিষেবার ক্ষেত্র চিহ্নিত হয়েছে।

এ অঞ্চলের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের যোগাযোগকেও বাড়িয়ে তুলবে। কিন্তু ওই দুই দেশের সঙ্গে সেই সম্পর্ক স্থাপনে এখনো বেশ কিছু বিষয় বাধা হয়ে রয়েছে। সেগুলো দ্রুত দূর হওয়ার প্রয়োজনীয়তার ওপর বাংলাদেশ গুরুত্ব আরোপ করেছে।