প্রকল্প পরিচালককে মারধর

হামলাকারীদের শাস্তির দাবিতে প্রকৌশলীদের মানববন্ধন

রোববার নিজের কার্যালয়ে হামলার শিকার হন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানী। এ সময় তাঁর টেবিলেও ভাঙচুর করা হয়
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উন্নয়ন প্রকল্পের পরিচালককে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন প্রকৌশলীরা।

গতকাল বুধবার সকালে চট্টগ্রাম নগরের এস এস খালেদ সড়কে অবস্থিত আইইবি কেন্দ্রের সামনে এ মানববন্ধন আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র। এতে চট্টগ্রামের বিভিন্ন সংস্থার প্রকৌশলীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের উন্নয়নের সিংহভাগ কাজে নেতৃত্ব দিচ্ছেন প্রকৌশলীরা। পদ্মা সেতু নির্মাণ, কর্ণফুলী নদীর টানেল, মাতারবাড়ীতে উন্নয়ন কর্মযজ্ঞ, মেট্রোরেল নির্মাণসহ প্রায় সব উন্নয়নকাজে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন প্রকৌশলীরা। কিন্তু তাঁদের যথাযথ নিরাপত্তা দেওয়া হচ্ছে না। সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হতে হচ্ছে; যা মেনে নেওয়া যায় না।

হামলার শিকার চসিকের আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানী কর্মজীবনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে উল্লেখ করেন বক্তারা। তাঁরা বলেন, গণ খাতে ক্রয়বিধির (পিপিআর) বিষয়ে গোলাম ইয়াজদানী দেশের অন্যতম একজন বিশেষজ্ঞ। তাঁর মতো একজন প্রকৌশলীর ওপর হামলা অন্য প্রকৌশলীদের জন্য অশনিসংকেত। হামলার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের বিচার করতে হবে। একই সঙ্গে এই ঘটনার নেপথ্য কারিগরদের খুঁজে বের করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ, সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ও সাদেক মহম্মদ চৌধুরী, বর্তমান চেয়ারম্যান প্রবীর কুমার সেন, সম্মানী সম্পাদক এস এম শহীদুল আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী তফাজ্জল হোসেন প্রমুখ।

এলজিইডি থেকে আসা সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানী আড়াই হাজার কোটি টাকার উন্নয়নকাজ দেওয়ার ক্ষেত্রে নিয়মের কড়াকড়ি করেন। তাঁর  পদক্ষেপে যেনতেনভাবে কাজ পাওয়ার উপায় প্রায় বন্ধ হতে যাচ্ছিল। এ জন্য কিছু ঠিকাদার তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। গত রোববার বিকেলে তাঁর অফিসকক্ষে প্রবেশ করে একদল ঠিকাদার তাঁকে মারধর করেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে গোলাম ইয়াজদানীকে মারধরের ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবু সাদাত মুহাম্মদ সায়েম ও যুগ্ম সম্পাদক মো. আবুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন ‘ভিশন-২০৪১’ বাস্তবায়নে দেশের প্রকৌশলীরা সততা, দক্ষতা ও পেশাদারির সঙ্গে কাজ করে যাচ্ছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সরকারি দায়িত্ব পালনকালে প্রকৌশলীরা নানাভাবে লাঞ্ছিত হচ্ছেন। এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় সারা দেশের প্রকৌশলীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করার দাবি জানানো হয় বিবৃতিতে।