
আসন্ন নির্বাচনে জনগণ ভোট দিতে কেন্দ্রে আসছেন কি না, নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করছেন কি না এবং কেউ নাশকতা করছেন কি না—এসব পর্যবেক্ষণে ৩২ সংস্থার সমন্বয়ে নতুন জোট আত্মপ্রকাশ করেছে। এই জোটের পক্ষে নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৯ হাজার ৫৫৭ পর্যবেক্ষকের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলন করে ইলেকশন অবজারভার কনসোর্টিয়াম (ইওসি) নামের ওই জোটের ঘোষণা দেওয়া হয়। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আজ সোমবার ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন কমিশনে নিবন্ধিত ৯৬ সংস্থা থেকে ৩২টি সংস্থা নিয়ে এই জোট গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনের শুরুতে জোট গঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে লিখিত বক্তব্য পড়েন ইওসি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণে গঠিত এ জোট দেখবে, ভোট দিতে জনগণ আসছেন কি না, কত শতাংশ ভোট পড়েছে—এই বিষয়গুলো। বিএনপিবিহীন নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হচ্ছে, এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল নোমান বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে কি না, সেটি তাদের দেখার বিষয় নয়। হাতে গোনা কয়েকটি দল অংশ নিলেও কত শতাংশ ভোট পড়েছে, সেটা দেখা হবে। তখন ওই সাংবাদিক জানতে চান, কত শতাংশ ভোট পড়লে সেটিকে অংশগ্রহণমূলক বলা হবে। জবাবে তিনি বলেন, এটি তাঁদের জানানোর বিষয় নয়।
৩২টি সংস্থার মধ্যে কতটি সংস্থার আগে নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা রয়েছে এমন প্রশ্নের উত্তর দেননি আবদুল্লাহ আল নোমান। তিনি শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের (এসকেবিকে) নির্বাহী পরিচালক। এই সংস্থাটির আগে কোনো নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, প্রথমবারের মতো তাঁর এনজিও নির্বাচন পর্যবেক্ষণ করতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে জোটের নেতা মুনির হোসেন বলেন, নির্বাচন কেউ প্রশ্নবিদ্ধ করেন কি না, সেদিকে নজর থাকবে তাঁদের। ইওসির চার সদস্যের উপদেষ্টা কমিটি আছে। সংবাদ সম্মেলনে দুই উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জিয়া রহমান এবং জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা বক্তব্য দেন।
জিয়া রহমান বলেন, নির্বাচন কমিশন শক্তিশালী হচ্ছে। সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি প্রতিদিনই বিভিন্ন ধরনের ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য বর্তমান নেতৃত্ব যদি শক্ত হাতে সামাল দিতে পারে, তবে গণতন্ত্রের নতুন ভবিষ্যৎ হতে পারে।
সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, এবারের নির্বাচন নানা কারণে গুরুত্বপূর্ণ। ভোটের দিন জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। ৩২ সংস্থার সমন্বয়ে গঠিত নতুন এ জোট নিরপেক্ষ হয়ে তথ্য সংগ্রহ করবে এমন আশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে নির্বাচনের পর জোটের সদস্যরা যেন সঠিক তথ্য দেন, সেই তাগিদ দেন ইশতিয়াক রেজা।