
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে থাকা পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণায় তুলনামূলকভাবে সময় বেশি লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নির্বাচনকালীন বিদেশি সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশন ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে স্থাপিত মিডিয়া সেন্টারের উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে ইসি সচিব এ কথা বলেন।
আখতার আহমেদ বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে পোস্টাল ব্যালট কেন্দ্রগুলোর ফলাফল অন্য কেন্দ্রের তুলনায় আসতে একটু বেশি সময় লাগবে। যদিও ব্যাপারটাকে সামাল দেওয়ার চেষ্টা চলছে।
দেরি হওয়ার কারণ হিসেবে ইসি সচিব বলেন, পোস্টাল ব্যালট পেপারের কাঠামোগত কারণে একাধিকবার যাচাই করে দেখার প্রয়োজন হতে পারে। এতে কিছুটা দেরি হলেও কোনো অবস্থাতেই সময় বেশি দীর্ঘায়িত হবে না বলেও আশ্বাস দেন তিনি।
রিটার্নিং কর্মকর্তারা তাঁদের আওতাধীন কেন্দ্রগুলোর ভোটের ফলাফল যোগ করে তা ঘোষণা করবেন উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তারা ১২ ফেব্রুয়ারী নির্বাচন হলে ১৩ তারিখ সকাল ১০টায় ফলাফল কম্পাইলেশনের জন্য সময়সূচি ঘোষণা করেছেন।’
চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে কত সময় লাগতে পারে, এ প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘ব্যালট যতগুলো হয়েছে সেগুলো গুনতে হবে। এই গুনতে যতটুকু সময় লাগে।’ তিনি ব্যালট পেপার গোনার সময় পর্যন্ত সবাইকে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন।
১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, ২৯৯টি আসনের ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পর্যায়ক্রমে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে পৌঁছে যাবে। র্বাচন কমিশনের লক্ষ্য উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া।
গণমাধ্যমের উদ্দেশ্যে আখতার আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তাঁরা গণমাধ্যমের কাছে তথ্য সরবরাহ করবেন, তথ্যের ব্যাখ্যা দেবেন। কিন্তু সবাইকে অপতথ্য থেকে বিরত থাকতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম।