উৎসবে দেশেও নিত্যপণ্যের দাম কমানোর সংস্কৃতি চালুর আহ্বান তথ্যমন্ত্রীর

৩০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন হাছান মাহমুদ
ছবি: প্রথম আলো

উৎসবের সময় দেশেও নিত্যপণ্যের দাম কমানোর সংস্কৃতি চালু করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে ৩০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের প্রতি এ আহ্বান জানান হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেছেন, ‘পৃথিবীর সব দেশে দেখা যায়, উৎসব-পূজা-পার্বণের সময় পণ্যের দাম কমে। আমাদের দেশে যখন ঈদ-রোজা-পূজা যেটিই হয়, তখন পণ্যের দাম বাড়ে। উৎসবের সময় যেন পণ্যের দাম কমানোর মানসিকতা ব্যবসায়ীরা রাখেন, সে জন্য আমি এফবিসিসিআই, চট্টগ্রাম শিল্প বণিক সমিতিসহ সব ব্যবসায়ী সমিতিকে আহ্বান জানাই।’

হাছান মাহমুদ বলেন, ‘যাঁরা মজুতদারি করবেন, তাঁদের বিরুদ্ধে যেন ব্যবসায়ী সংগঠনগুলো ব্যবস্থা গ্রহণ করে। যাঁরা পণ্যের দাম কমাবেন, তাঁদের যেন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে উৎসাহ দেওয়া হয়, প্রয়োজনে পুরস্কৃত করা হয়। তাহলে দেশে সেই সংস্কৃতি চালু হবে।’

এ সময় ব্যবসায়ীদের সমৃদ্ধি তথা সমগ্র দেশের সমৃদ্ধির জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান মন্ত্রী। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা অব্যাহতভাবে যদি দেশ পরিচালনা করতে পারেন তাহলে আমাদের দেশকে আমরা স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারব, অন্যথায় তা পারব না।’

১৪ বছর ধরে বাংলাদেশের ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করেছেন এবং প্রত্যেক ব্যবসায়ীর সমৃদ্ধি হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ও তাদের দোসরেরা যদি আবার সুযোগ পায়, ২০১৩-১৪ ও ১৫ সালের মতো দেশটাকে জ্বালিয়ে–পুড়িয়ে ছারখার করে দেবে। আজকে দেশ সমৃদ্ধ হচ্ছে, এগিয়ে যাচ্ছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে, ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি আসছে, বাংলাদেশের ব্যবসায়ীরা এখন বিদেশে বিনিয়োগ করছেন। এটি জননেত্রী শেখ হাসিনা না হলে হতো না। এখানে যদি আবার অন্য সরকার আসে, এগুলো সব বন্ধ হয়ে যাবে।’

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ লতিফ ও এফবিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। এ ছাড়া বক্তব্য দেন বাণিজ্য মেলা কমিটির চেয়ারম্যান এ কে এম আক্তার হোসেন।

মাসব্যাপী এই মেলায় তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় দেশি প্রতিষ্ঠান ছাড়াও ভারত, থাইল্যান্ড ও ইরানের ব্যবসায়ীরা স্টল নিয়েছেন। মেলায় ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬ প্রিমিয়ার স্টল, ১৪ গোল্ড স্টল, ৪৮ মেগা স্টল, ১১ ফুড স্টল, ৩টি আলাদা জোনসহ মোট ৪০০ স্টল রয়েছে। এর বাইরে শিশুদের জন্য থাকছে বিনোদনকেন্দ্র।

মেলায় প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। বিভিন্ন স্কুলের প্লে থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা বিনা টিকিটে মেলায় প্রবেশ করতে পারবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।