
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রধান ছাত্রাবাসের ‘নিয়ন্ত্রণ’ নিয়ে বারবার দ্বন্দ্বে জড়াচ্ছে ছাত্রলীগের দুই পক্ষ। এর আগে নিজেদের মধ্যে মারামারি হলেও এবার শিকার হয়েছেন চার সাধারণ ছাত্র। রাজনীতির সঙ্গে যুক্ত নয় এমন ছাত্রদের নির্যাতনকে মূলত কক্ষ ‘দখলের’ তৎপরতা হিসেবে দেখছেন সাধারণ ছাত্ররা।
চমেক ছাত্রলীগে এখন দুটি পক্ষ সক্রিয়। এতে এক পক্ষ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের ও অপর পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে নিজেদের পরিচয় দেন। এর মধ্যে ছাত্রাবাসে ৭৫ শতাংশ আসন নাছিরপন্থীরা নিয়ন্ত্রণ করেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা। এখন মহিবুলপন্থীরাও ছাত্রাবাসে নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতে চান। ফলে সংঘাত হচ্ছে।
চমেকে এখন তিনটি ছাত্রাবাস। এর মধ্যে বেশি আসনেরটি হচ্ছে চট্টগ্রাম নগরের চটেশ্বরী সড়কের প্রধান ছাত্রাবাস। ৫০০ আসনের এই ছাত্রাবাসে কক্ষ রয়েছে অন্তত ১৪০টি। এতে আসন পান দ্বিতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষের ছাত্ররা। বাকি দুটি নাছিরাবাদ এলাকায় অবস্থিত লুৎফুস সালাম ও হাফিজুল্লাহ বশির ছাত্রাবাস। দুটি ছাত্রাবাসে ৪০টি কক্ষের মধ্যে ৮০টি আসন বরাদ্দ পান প্রথম বর্ষের ছাত্ররা।
চমেক সূত্র জানায়, মূলত ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে আ জ ম নাছির উদ্দীনের অনুসারী পক্ষ ক্যাম্পাস একক নিয়ন্ত্রণে নেয়। ২০২০ সাল থেকে মহিবুল হাসানের অনুসারী পরিচয়ে আরেকটি ধারার সৃষ্টি হয়। এরপর থেকে ক্যাম্পাস ও ছাত্রাবাসে সংঘর্ষের শুরু হয়। ২০২০ সালেই সাতবার সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এর মধ্যে ১২ জুলাই দুই পক্ষের মারামারিতে ১৩ জন আহত হন। ২০২১ সালের ২৯ অক্টোবর ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনায় মাহাদি জে আকিব নামে মহিবুলপন্থীর এক কর্মী গুরুতর আহত হন। তাঁর মাথার খুলির হাড় ভেঙে গিয়েছিল।
এই ঘটনাকে কেন্দ্র করে চমেক ক্যাম্পাস বন্ধ ছিল ২৭ দিন। পরে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এই ঘটনার আগেও ২০২১ সালের শুরুর দিকে দুই দফা সংঘর্ষে জড়িয়ে ছিল পক্ষ দুটি। চলতি বছরের গত ১ ফেব্রুয়ারি দুই পক্ষের হাতাহাতি ও ভাঙচুরের পর নগরের নাছিরাবাদে অবস্থিত চমেক প্রথম বর্ষের দুটি ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়। এটি এখনো বন্ধ।
সর্বশেষ গত বুধবার চতুর্থ বর্ষের চার ছাত্র—সাকিব হোসেন, জাহিদ হোসেন, আবু রাইয়াত ও মোবাশ্বির হোসেনকে প্রধান ছাত্রাবাসের একটি কক্ষে নিয়ে পেটানো হয়। তাঁদের মধ্যে দুজনই এখন চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন।
ছাত্রলীগের মহিবুলপন্থীরা এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানতে চাইলে মহিবুলপন্থী ছাত্রলীগের নেতা অভিজিৎ দাশ প্রথম আলোকে বলেন, যে চার ছাত্রকে সাধারণ বলা হচ্ছে, তারা শিবিরের রাজনীতি করে যাচ্ছিল। তাদের সেদিন ডেকে এনে শাসানো হয়েছিল।
তবে চার ছাত্রের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা কখনোই কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাঁদের মধ্যে দিনমজুর বাবার সন্তান সাকিব পড়াশোনার পাশাপাশি টিউশনি করে সংসার খরচ চালাতেন বলে জানায় তাঁর পরিবার।
চার ছাত্রকে মারধর করা উচিত হয়নি বলে মনে করছে ছাত্রলীগের আ জ ম নাছির পক্ষও। নাছিরপন্থী ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি আসেফ বিন তাকি প্রথম আলোকে বলেন, মারধর করা উচিত হয়নি। তাদের শনাক্ত করে প্রমাণসহ পুলিশের হাতে তুলে দিতে পারত।
এদিকে চার ছাত্র নির্যাতনের ঘটনায় কোনো মামলাও হয়নি। তবে এ ঘটনার পর সাধারণ ছাত্ররা দুশ্চিন্তার মধ্যে আছেন। এ ব্যাপারে কথা হয় চতুর্থ বর্ষের পাঁচ শিক্ষার্থীর সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, ছাত্রলীগের দুই পক্ষের দ্বন্দ্বের শিকার এখন সাধারণ ছাত্ররা। তাঁরা ছাত্রাবাসে থাকতে অনিরাপদ বোধ করছেন।
জানতে চাইলে চমেক অধ্যক্ষ সাহেনা আক্তার বলেন, রাজনীতি বন্ধ রয়েছে। এত দিন কোনো সমস্যা হয়নি। ছাত্রাবাসের মধ্যে এই ঘটনা কেন ঘটল, তার জন্য কমিটি কাজ করছে। দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে।