বিশেষজ্ঞদের মত

কতৃত্ববাদী শাসনে নাগরিক সমাজের কাজের ক্ষেত্র সংকুচিত হয়

‘বে অব বেঙ্গল কনভারসেশনে’ বক্তৃতা করেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য । ঢাকা, ৭ অক্টোবর
ছবি: শুভ্র কান্তি দাশ

রাজনৈতিকভাবে বৈধতা রয়েছে, এমন কতৃত্ববাদী শাসনামলে সর্বজনীন মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী নাগরিক সমাজের কাজের ক্ষেত্র সংকুচিত হয়ে পড়ে। এই পরিস্থিতির উত্তরণে জনগণকেন্দ্রিক উন্নয়নের বৃহত্তর লক্ষ্য অর্জনে পরস্পরকে সহায়তা ও তথ্য আদান-প্রদানে আঞ্চলিক সংগঠন গড়ে তোলা জরুরি।

‘বে অব বেঙ্গল কনভারসেশন’–এর এক কর্ম অধিবেশনে বক্তারা এ কথা বলেন। আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনের ওই আন্তর্জাতিক সম্মেলনের কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বিশেষজ্ঞরা কূটনীতিতে নাগরিক সমাজ, বেসরকারি সাহায্য সংস্থা এবং চিন্তক প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, রাজনৈতিক বৈধতা আছে, এমন কর্তৃত্ববাদী শাসনের উত্থানের কারণে এই অঞ্চলে সর্বজনীন মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী নাগরিক সমাজের কাজে যুক্ত সংস্থাগুলোর কাজের ক্ষেত্র হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, গণতন্ত্র ও উন্নয়নের বিকাশে নাগরিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু স্বৈরতান্ত্রিক শাসনামলে যখন জনগণ পিছু হটে, সে সময় নাগরিক সমাজকে দমিয়ে রাখা হয়। এটি কোভিড-পরবর্তী ভূরাজনৈতিক প্রতিযোগিতার সময় আরও বেশি হয়েছে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এখন নাগরিক সমাজকে পুনরুজ্জীবিত করার সময় এসেছে। তাদের তৃণমূলে গিয়ে জনগণের কাছে পৌঁছানো, স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব এবং সংহতি গড়ে তোলার সময় এসেছে।

সার্বিয়ার আগোরা স্ট্র্যাটেজি গ্রুপের জ্যেষ্ঠ ফেলো জোভান রাতকোভিচ বলেন, রাজনৈতিক সংলাপের অভাব হলে নাগরিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যখন নাগরিক সমাজ পশ্চিমা দেশগুলো থেকে তহবিল পায়, তখন তাদের প্রায়ই জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করার জন্য অভিযুক্ত করা হয়। অতএব, তাদের স্বাধীনভাবে কাজ করতে হবে এবং ঐতিহাসিক ও স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনা করতে হবে।

রাতকোভিচের মতে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, আইনের শাসনের উন্নতি, বাক্‌স্বাধীনতা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নাগরিক সমাজের ভূমিকা অপরিহার্য।

গ্রিসের গবেষণাপ্রতিষ্ঠান সাউথ ইস্ট লিডারশিপ ডায়ালগের নির্বাহী পরিচালক কনস্টান্টিনোস ফাউথজোপাওলোস বলেন, ‘আমরা নাগরিক সমাজের কাছে অনেক কিছু প্রত্যাশা করি। আমরা রাজনীতিবিদদের কাছেও প্রত্যাশা করি অনেক কিছু। আর কাজের ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে যে দূরত্ব থাকে, তা আমরা আলোচনার মাধ্যমে দূর করতে পারি।’

প্রশ্নোত্তর পর্বে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘একটি রাজনৈতিক পরিমণ্ডলে নাগরিক সমাজ আরও শক্তিশালী হতে পারে। আমাদের অভিজ্ঞতা সেটাই বলে। যখন রাজনৈতিক শক্তি গণতন্ত্রের জন্য রাজপথের লড়াইয়ে থাকে, তখন তারা নাগরিক সমাজকে নিজেদের বন্ধু বিবেচনা করে। আবার তারা যখন ক্ষমতায় যায়, নাগরিক সমাজকে তখন শত্রু বা প্রতিপক্ষ মনে করে।’ তিনি বলেন, রাজনৈতিক শক্তিকে এই শিক্ষাটা নিতে হবে যে তারা চিরকাল ক্ষমতায় থাকবে না। তাদের আবার রাজপথে ফিরে যেতে হবে।

সার্বিয়ার গবেষণাপ্রতিষ্ঠান আগোরা স্ট্র্যাটেজি গ্রুপের জ্যেষ্ঠ ফেলো ইয়োভান রাতকোভিচ বলেন, নাগরিক সমাজ সরকারের ভূমিকায় রাজনীতিক দল বা প্রতিষ্ঠানের ভূমিকায় অবতীর্ণ হতে পারে না। তবে নাগরিক সমাজ অনেক কিছু করতে পারে দক্ষতার সঙ্গে।