
‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ স্লোগান নিয়ে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতভিত্তিক সবচেয়ে বড় প্রদর্শনী বেসিস সফটএক্সপো-২০২৩। আর এই এক্সপোর সহযোগী হিসেবে থাকছে হুয়াওয়ে বাংলাদেশ লিমিটেড।
প্রযুক্তির সাম্প্রতিক উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই এ এক্সপোর আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। ২৩-২৬ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র, পূর্বাচলে এ এক্সপো চালবে।
বেসিস সফটএক্সপো ২০২৩ উপলক্ষে সম্প্রতি বেসিস সচিবালয়ে বেসিস ও হুয়াওয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে বেসিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ; বেসিস সফটএক্সপো–২০২৩-এর আহ্বায়ক ও বেসিসের সহসভাপতি (প্রশাসন) আবু দাউদ খান; বেসিস সচিব হাশিম আহম্মদ ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, স্টেকহোল্ডার রিলেশনস ফারাহ জাবিন আহমেদ। হুয়াওয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হুয়াওয়ে দক্ষিণ এশিয়া ক্লাউড বিজনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স লি ও সেলস ম্যানেজার মো. শাজাহান আহমেদ। বেসিস সফটএক্সপো–২০২৩-এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ কিংবা নতুন উদ্যোগ নেওয়ার জন্য থাকবে বিজনেস লিডারস মিট, অ্যাম্বাসেডর নাইট, মিনিস্ট্রিয়াল কনফারেন্স, আইটি জব ফেয়ার ও ক্যারিয়ার ক্যাম্প, বি-টু-বি ম্যাচমেকিং সেশন, আউটসোর্সিং কনফারেন্স, স্টার্টআপস কনফারেন্স, ডেভেলপারস কনফারেন্স ইত্যাদি।
অনুষ্ঠিত হবে ২৩টির বেশি সেমিনার ও প্রযুক্তি অধিবেশন। এসব সেমিনারের মধ্যে ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ‘5G and IoT : Opportunities for BGD Telecom and Software Industry’ শীর্ষক একটি সেমিনারে আলোচক হিসেবে যোগদান করবেন হুয়াওয়ে সাউথ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর এস এম নাজমুল হাসান।
এবারের মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে শাটল সার্ভিস, নলেজ-শেয়ারিং সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। এ ছাড়া থাকছে তথ্যপ্রযুক্তিতে আগ্রহী তরুণদের জন্য আইটি ক্যারিয়ার ক্যাম্প ও জব ফেয়ার। বিজ্ঞপ্তি