বজ্রপাতে মৃত্যু
বজ্রপাতে মৃত্যু

মুন্সিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, মারা গেল গরুও

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে বজ্রপাতে শাহজাহান মাঝি (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর একটি গরুও মারা যায়।

রোববার বিকেল চারটার দিকে আড়িয়াল বিলে গরুকে ঘাস খাওয়ানোর সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত শাহজাহান মাঝি শ্রীনগর উপজেলার মদনখালী গ্রামের বাসিন্দা।

শাহজাহানের ভাতিজি শারমিন আক্তার বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই একটি গরু মারা যায়। গুরুতর আহত অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত পৌনে নয়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।