বিইউবিটিতে চলছে আইসিপিসি এশিয়া ঢাকা আঞ্চলিক প্রতিযোগিতা

বিইউবিটিতে আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার এশিয়া ঢাকা আঞ্চলিক পর্বে অতিথিরা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) শুরু হয়েছে আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার এশিয়া ঢাকা আঞ্চলিক পর্ব ২০২৩। শুক্রবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। 

বিইউবিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে এই প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতা উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য এ এফ এম সরওয়ার কামাল এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক গোলাম সারোয়ার।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আহমেদ হোসেন ও বিইউবিটির উপাচার্য ফৈয়াজ খান।

দুই দিনের এই প্রতিযোগিতায় শনিবার (৪ নভেম্বর) চূড়ান্ত অনসাইট প্রতিযোগিতা এবং সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।