
গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার করার ক্ষমতা বা এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নেই, এমন চ্যালেঞ্জ করে করা আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় গ্রেপ্তার আছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। তাঁর পক্ষে এই ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী ও আইনজীবী নাজনীন নাহার। নাজনীন নাহার জিয়াউল আহসানের বোন এবং তাঁর আইনজীবীও।
জিয়াউল আহসানের দুই আইনজীবীর আবেদনের ওপর গত সোমবার ট্রাইব্যুনালে শুনানি হয়। আজ বুধবার ট্রাইব্যুনাল তা খারিজ করে আদেশ দিলেন। ট্রাইব্যুনাল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষমতার বিষয়ে কোনো সমাধান দেওয়ার এখতিয়ার তাঁদের নেই।
আদেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, যে আইনে এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত; অর্থাৎ ১৯৭৩ সালের ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই আইনের কোনো বৈধতা বা সেই আইনের সংশোধন কোনো বৈধতা চ্যালেঞ্জ করার জায়গা এই ট্রাইব্যুনাল নয়। কোনো আইন যদি সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয় বা চ্যালেঞ্জ করার প্রশ্ন আসে, তাহলে অবশ্যই তাঁকে সাংবিধানিক আদালতে যেতে হবে। তা না করে বিচারক আদালতে এসেছেন, এটা কোনো সঠিক পদ্ধতি নয়।
তাজুল ইসলাম বলেন, ‘১৯৭৩ সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টকে একটা ব্ল্যাংকেট প্রটেকশন দেওয়া হয়েছে। এই আইনের ব্যাপারে কোনো সাংবিধানিক আদালতে কোনো প্রশ্নই তোলা যাবে না।...এই আইনে যাঁর বিচার হচ্ছে, সে রকম কোনো ব্যক্তি মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে বা সাংবিধানিক আদালতে কোনো পিটিশনই করতে পারবেন না।’
সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের আইনজীবী ও তাঁর বোন নাজনীন নাহার আজ বুধবার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যাঁরা অপরাধী ছিলেন, তাঁদের বিচার করতে এই ট্রাইব্যুনাল হয়েছে। এটাই ছিল এই আইনের মূল ভিত্তি। মূল স্পিরিটই ছিল যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে এবং এ কারণেই এই আইন হয়েছিল, এই ট্রাইব্যুনাল হয়েছিল।
নাজনীন নাহার বলেন, জুলাই-আগস্টে ছিল পলিটিকস কনফ্লিক্ট (রাজনৈতিক বিরোধ)। পলিটিকস কনফ্লিক্টকে বিচার করতে দেশে যে আইনি ব্যবস্থা আছে এবং যে আদালত আছে, সেখানে এর ব্যবস্থা আছে। যদি উনারা মনে করেন, ট্রাইব্যুনাল করবেন, অবশ্যই নতুন করে করতে পারেন। কিন্তু এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল শুধু ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য।
এই আইনকে সংবিধানে সুরক্ষা দেওয়া আছে, এ–সংক্রান্ত প্রশ্নের জবাবে নাজনীন নাহার বলেন, ‘আর্টিকেল ৪৭-এ সুরক্ষা দেওয়া আছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। এটাই বেসিক জিনিস। আমি যুদ্ধাপরাধী নই। এই আইনই তৈরি হয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য।’
এখন কী করবেন জানতে চাইলে জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন বলেন, জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকীর সঙ্গে আলোচনা করে তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।