ভীষণ বিপন্ন বোধ করছিলেন কবির পারিবারিক বন্ধু শায়লা নাসরিন। গত পয়লা সেপ্টেম্বর আবারও কবিকে ভর্তি করেন হাসপাতালে। বারডেমের ৮৪১ নম্বর কেবিনে ঠাঁই হয় কবি হেলাল হাফিজের। চিকিৎসকদের তত্ত্বাবধানে সেখানেই ছিলেন তিনি, নিঃসঙ্গ। আজ ৭৫তম জন্মদিনে ভক্তরা তাঁর সঙ্গ থেকে বঞ্চিত হতে চাননি। হাসপাতাল থেকে এসে তাই জন্মদিনের কেক কেটে গেলেন গত শতকের সত্তরের দশক থেকে তুমুল জনপ্রিয়তা পাওয়া হেলাল হাফিজ।
আজ শুক্রবার বিকেলে বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে ছিল সেই আনন্দ আয়োজন। কবি হেলাল হাফিজের ৭৫তম জন্মদিন ও তাঁর কবিতা নিয়ে প্রবন্ধগ্রন্থ ‘ফুল ও ফুলকি’র মোড়ক উন্মোচনের এই আয়োজন করেন কবির শুভাকাঙ্ক্ষীরা। বইটি লিখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী। এসেছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, কবি টোকন ঠাকুর, দিলতাজ রহমান, কলামিস্ট কাজল রশীদ শাহীনসহ বহু মানুষ। কবির দীর্ঘজীবন কামনা করে টোকন ঠাকুর বললেন, ‘হেলাল ভাইয়ের সঙ্গে অনেক আড্ডা জমে আছে এখনো। সেই আড্ডা দেওয়ার জন্য হলেও তাঁকে পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে হবে।’
১৯৮৬ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’। এটিই সম্ভবত বাংলা ভাষার ইতিহাসে সব থেকে বেশি বিক্রি হওয়া কাব্যগ্রন্থ। সেই কবিতার পঙ্ক্তি এখনো মানুষের মুখে মুখে ফেরে ... ‘এখন যৌবন যার, যুদ্ধে যাবার তাঁর শ্রেষ্ঠ সময়।’ জীবনের ৭৫তম বর্ষে এসে নিজের সার্থক কাব্যজীবনের কথা স্মরণ করলেন হেলাল হাফিজ। তিনি বলেন, ‘সত্তর-আশির দশকে দেখেছিলাম, যেদিন মেলা শেষ হতো, পরদিন থেকে বইয়ের নামগন্ধ পাওয়া যেত না। কোনো কবিতার কথা শোনা যেত না। এটা আমাকে ভীষণ পীড়িত করেছিল। সিদ্ধান্ত নিয়েছিলাম, খুব কম লিখব। আমার বইয়ের সংখ্যা হবে খুব কম, কিন্তু এমন কিছু লিখব, যা অনেক মেলা পর্যন্ত দীর্ঘায়ু হবে। এমন বই লিখব, যা মানুষের মন ও মগজে দীর্ঘায়ু হবে।’ তিনি বলেন, ‘যাপিত জীবনের সিংহভাগ আমি কবিতার পেছনে খরচ করেছি। কবিতাকে ধ্রুবতারা করে জীবনযাপন করেছি। বিনিময়ে যে ভালোবাসা, আদর, সম্মান পেয়েছি তা অভূতপূর্ব, অতুলনীয়। সব মানুষ টাকা জমাতে চায়, আমি জমাতে চেয়েছি মানুষ। সেই মানুষ জমাতে গিয়ে যে গাঢ় অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, সেটিও জীবনে বেদনার ইতিহাস হয়ে আছে।’
প্রায় ১৭ বছর লেখালেখির পর তৈরি হয় ‘যে জলে আগুন জ্বলে’র পাণ্ডুলিপি। এক বছর ধরে পাঁচ থেকে ছয় শ কবিতা থেকে ৫৬টি কবিতা বেছে নেন কবি। ভিন্ন এক নামে ছাপাও হয় বইটি। কিন্তু নাম মনঃপূত ছিল না তাঁর। প্রকাশককে অনুরোধ করেন, বইটি ‘যে জলে আগুন জ্বলে’ নামে নতুন করে ছাপা হোক। রয়্যালটির টাকা থেকে প্রকাশককে ক্ষতিপূরণ পরিশোধ করেন তিনি। সেই ঘটনা স্মরণ করে হেলাল হাফিজ বলেন, ‘এ নামটি যখন আমার মগজে এল, সেদিনের অনুভূতির কথা আমি ভাষায় প্রকাশ করতে পারব না।’ তবে কম লেখার জন্য, জীবন ‘অপচয়’ করার জন্য ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। হেলাল হাফিজ বলেন, ‘৭৫ বছরের একটি দীর্ঘ জীবন পেয়েছি আমি। খুব কম মানুষ এটা পায়। কিন্তু এই দীর্ঘ জীবন আমি কাজে লাগাতে পারিনি, যথেষ্ট অপচয় করেছি। এ জন্য আমি লজ্জিত, দুঃখিত ও আজ আমার এই পরম আত্মীয়দের কাছে অকুণ্ঠচিত্তে ক্ষমাপ্রার্থী।’
মাত্র তিন বছর বয়সে মাকে হারিয়েছিলেন হেলাল হাফিজ। যত বড় হয়েছেন, মাতৃহীনতার যাতনা ক্রমে তাঁকে গ্রাস করে। সেটা ভুলতে শুরুতে খেলাধুলা পরে লেখালেখিতে প্রবেশ করেন তিনি। প্রচুর বন্ধু জোটে, আড্ডার মানুষ পেয়ে যান, কিন্তু তবু নিঃসঙ্গতা কাটে না। থেকে যান অকৃতদার। মিনার মনসুর বলেন, ‘আজকের দিনে হেলাল ভাইয়ের মতো আরেকটি মানুষ খুঁজে পাব না। হেলাল ভাই চাকরি করলেও তাঁর ভেতর একটা সন্ন্যাসী ছিল। অফিসের বারান্দায় ঘণ্টার পর ঘণ্টা আড্ডা, সেখান থেকে প্রেসক্লাবের আড্ডা। অথচ হেলাল হাফিজকে একাকিত্ব বরণ করতে হয়েছে। একাকিত্ব কতটা ভয়াবহ তা কোভিডে বোঝা গিয়েছিল। এই যে তিনি তিলে তিলে নিজেকে পীড়ন করেছেন, সেটা কি শুধুই কবিতার জন্য, নাকি অন্য কোনো কারণে?’
আত্মজীবনী লিখতে চান হেলাল হাফিজ। জন্মদিনের এই আসরে আসা প্রত্যেকে তাঁর দীর্ঘ জীবন প্রত্যাশা করেন। শুভেচ্ছা বক্তৃতা করেন সাহিত্যের শিক্ষক মিল্টন বিশ্বাস, কবি মনির ইউসুফ। স্বরচিত কবিতা পড়েন মিনু আক্তার, হেলাল হাফিজের কবিতা আবৃত্তি করেন ইসহাক আলী ও শিমুল সালাহ্উদ্দিন প্রমুখ। ‘ফুল ও ফুলকি’ বইয়ের লেখক মোহাম্মদ আলী বলেন, ‘নিজেকে দীর্ণ করেছি হেলাল হাফিজের কবিতায়। সেই ভালোবাসা থেকেই বইটি লিখেছি। তিনি আমাকে বলেছেন, মহাকালের কাছে তাঁর কবিতার সঙ্গে হেঁটে হেঁটে আমার বইটিও যাবে।’
এই আসরে নিজের বেশ কয়েকটি কবিতা পাঠ করেন হেলাল হাফিজ; আর বলেন, ‘কবিতা আমাকে অনেক দিয়েছে। এই ঋণ জীবদ্দশায় পরিশোধ করার ক্ষমতা আমার নেই। আপনাদের ভালোবাসা, আদর, সম্মান আমাকে তৃণ থেকে উদ্ভিদে রূপান্তর করেছে। আমি আপনাদের কাছে নত হই বিনত চিত্তে।’