
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের ১৮ বছর আজ। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে দলীয় এক জনসভায় গ্রেনেড হামলায় প্রাণ হারান তিনি। ওই ঘটনায় কিবরিয়ার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী নিহত হন। নিয়মিত সাক্ষী হাজির না হওয়ায় বারবার সাক্ষ্য গ্রহণের তারিখ পেছাচ্ছে। দীর্ঘ সময়েও এ হত্যা মামলার বিচার কাজ শেষ না হওয়া নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন শাহ এ এম এস কিবরিয়ার ছেলে গণ অধিকার পরিষদের সভাপতি ও অর্থনীতিবিদ রেজা কিবরিয়া। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয় তাঁর সঙ্গে। সাক্ষাৎকারটি নিয়েছেন প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান।
প্রথম আলো: আপনার বাবার হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়ার বিষয়কে আপনি কীভাবে দেখছেন?
রেজা কিবরিয়া: আজ থেকে ১৮ বছর আগে আমার বাবা হবিগঞ্জে গ্রেনেড হামলায় মারা যান। এ হত্যাকাণ্ডের পর আমরা পরিবারের পক্ষ থেকে দাবি করে আসছি এর সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য। কিন্তু ১৮ বছর পরও সেই হত্যার বিচার হয়নি। কেন হচ্ছে না? তা হয়তো দেশবাসী ভালো করে অনুমান করতে পারছেন। এ সময়ের ভেতর দুই বছর বিএনপি সরকার, দুই বছর তত্ত্বাবধায়ক সরকার ও ১৪ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে কেন এ বিচার করতে পারেনি? কেন বিচার করতে চায় না, এটা কিছুটা আন্দাজ করতে পারছেন এ দেশের জনগণ।
প্রথম আলো: আপনি কি এ হত্যাকাণ্ডের সুষ্টু বিচার পাওয়া নিয়ে আশাবাদী?
রেজা কিবরিয়া: এ সরকার থাকাকালীন এ হত্যার সুষ্ঠু তদন্ত বা বিচার আমরা আশা করি না। পরবর্তী সরকারে কী হয়, তা দেখা যাবে। তবে আমি মনে করি, তখন সুযোগ হবে রাজনৈতিক প্রভাবমুক্ত তদন্তের। আমাদের অপেক্ষা করতে হবে এবং আমাদের পরিবারকে অপেক্ষা করতে হবে। এ রকম হাজারো পরিবার আছে, যারা এ ১৪ বছরে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাঁরা বেশ কষ্টে আছে। তাঁদের আরও একটু অপেক্ষা করতে হবে।
প্রথম আলো: তদন্তে আপনাদের আস্থা নেই কেন?
রেজা কিবরিয়া: আমরা বারবার বলে আসছি, এ হত্যাকাণ্ডে আসল মদদদাতা কে? হত্যাকাণ্ডে ব্যবহৃত গ্রেনেডের উৎস কী? এ দুটি প্রশ্নের উত্তর বের করতে হবে। এ দেশের মানুষের তা জানার আগ্রহ আছে। কিন্তু পুলিশ ও সরকারের কোনো আগ্রহ নেই তা বের করার। এ দুটি ইস্যু বেশ জটিল।
প্রথম আলো: শাহ এ এম এস কিরিয়াকে হত্যার পেছনে কী ষড়যন্ত্র থাকতে পারে বলে আপনি মনে করেন?
রেজা কিবরিয়া: আমার বাবার অনেক শত্রু ছিলেন। তিনি অর্থমন্ত্রী থাকাকালীন অনেক ধরনের দুর্নীতিতে বাধা দিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের মানুষের দুর্নীতি, আওয়ামী লীগের কিছু ব্যবসায়ী ও পৃষ্ঠপোষকের দুর্নীতিতে বাধা হয়ে দাঁড়ান তিনি। যে কারণে অনেকেই তাঁর শত্রু হয়েছিলেন। দ্বিতীয়ত, তিনি মারা যাওয়ার পর কিছু মানুষ অনেক সুবিধা পেয়েছেন। যাঁরা সুবিধাভোগের অংশীদার, তাঁদের নাম তো সবার জানা আছে। হবিগঞ্জের মানুষেরা ভালো করে জানেন। একদিন তাঁদের বিচার হবে। কিন্তু সেই দিন এখনো হয়নি। ১৮ বছর আমরা অপেক্ষা করেছি, আরও কিছু দিন করব। ইনশা আল্লাহ এর বিচার হবে।
প্রথম আলো: আপনার বাবার হত্যার বিচার চাইতে গিয়ে আপনার মা আছমা কিবরিয়াকে অনেক সংগ্রাম করতে হয়। সে বিষয়ে কিছু বলুন।
রেজা কিবরিয়া: এ হত্যার বিচার চাইতে গিয়ে আমার মা ৮৩ বার রাস্তায় দাঁড়িয়েছেন। তিনি নীল শাড়ি পরে প্রতি বৃহস্পতিবার শান্তির পক্ষে নীলিমা কর্মসূচি পালন করেছেন। এর ধারাবাহিকতা অনেক দিন তিনি ধরে রাখেন। এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকাটা যেন আর কোনো দিন না করতে হয়। যাঁরা আসল খুনি, তাঁদের যদি আমরা চিহ্নিত করতে পারি, হয়তো ভবিষ্যতে আপনজনদের এভাবে আর রাস্তায় দাঁড়াতে হবে না।
প্রথম আলো: আপনার বাবা শাহ এ এম এস কিবরিয়া আওয়ামী লীগের রাজনীতি করতেন। আপনি রাজনীতিতে এসেও কেন আওয়ামী লীগ থেকে দূরে?
রেজা কিবরিয়া: আমার বাবা যে রাজনীতি করতেন, সেটা কিছু নীতিভিত্তিক একটা বিশ্বাস থেকে করতেন। আওয়ামী লীগ সেই নীতি থেকে অনেকটা দূরে সরে আসছে। জনগণের ভোটের অধিকার তারা খর্ব করে ক্ষমতায় আছে। এতে করে বোঝা যায় যে এই আওয়ামী লীগ আমার বাবার আওয়ামী লীগ নয়। এখন এটা একটি দস্যু দলের মতো, তারা দেশের মানুষকে অত্যাচার করছে ও জিম্মি করে লুট করছে। বিদেশে টাকা পাচার করছে। আমার বিশ্বাস, বাবা বেঁচে থাকলে হয়তো আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক রাখতেন না।
প্রথম আলো: গণ অধিকার পরিষদে নিয়ে মানুষের আগ্রহ কেমন দেখেন? আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণঅধিকার কী ভাবছে?
রেজা কিবরিয়া: মানুষের বেশ সাড়া পাচ্ছি। বিশেষ করে নতুন প্রজন্ম আমাদের দিকে তাকিয়ে আছে। তারা বিগত ৫১ বছরে যে রাজনীতি দেখেছে, তাতে অসন্তুষ্ট। তাঁরা এ ধারার বাইরে নতুন ধারা তৈরি করতে চায়। তবে আওয়ামী লীগ বা সরকারের অনেক বাধা পাচ্ছি। মিলনায়তন বা মাঠে আমাদের সভা করতে দেওয়া হয় না। তবে এ পরিস্থিতি এখন কিছুটা কমে আসছে।
প্রথম আলো: আপনার দল কি জাতীয় নির্বাচনে অংশ নেবে? একক না বিএনপির জোট হয়ে?
রেজা কিবরিয়া: এ সিদ্ধান্ত নির্বাচনের কাছাকাছি সময়ে হবে। তবে দলীয় সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। এটা পরিষ্কার। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন করার মানে হয় না। যারা গায়ের জোরে ও প্রতারণা করে ক্ষমতায় টিকে আছে, তাদের অধীনে কোনো নির্বাচন নয়।
প্রথম আলো: আপনি কোনো এলাকা থেকে নির্বাচন করতে আগ্রহী?
রেজা কিবরিয়া: আমার বাবার জন্মস্থান হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) ছাড়া তো অন্য কিছু চিন্তা করছি না। তবে নির্বাচন এলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে আমার জন্য ওই আসনেই নির্বাচন করা ভালো হবে।
প্রথম আলো: হবিগঞ্জের সন্তান হিসেবে হবিগঞ্জের মানুষের কাছে আপনার কী প্রত্যাশা?
রেজা কিবরিয়া: আমার বাবার প্রতি তাঁদের অনেক ভালোবাসা ও সহানুভূতি ছিল। আমার বিশ্বাস, তাঁরা আমাকেও ভালোবাসেন। আমার বাবার অনেক অসমাপ্ত কাজ ছিল। সেসব কাজ আমি তাঁদের নিয়ে করতে চাই। আশা করি, তাঁরা আমাকে সেই সুযোগ দেবেন।