দৃকের বাংলাদেশ প্রেস ফটো প্রতিযোগিতা

বর্ষসেরা আলোকচিত্রের পুরস্কার পেলেন প্রথম আলোর সাজিদ হোসেন

‘পিকচার অব দ্য ইয়ার-বর্ষসেরা আলোকচিত্র ২০২৫’ পুরস্কার পেয়েছেন দৈনিক প্রথম আলোর সাজিদ হোসেন
ছবি: দৃকের সৌজন্যে

দৃক পিকচার লাইব্রেরি আয়োজিত ‘বাংলাদেশ প্রেস ফটো প্রতিযোগিতা ২০২৬’-এ ‘পিকচার অব দ্য ইয়ার-বর্ষসেরা আলোকচিত্র ২০২৫’ পুরস্কার পেয়েছেন দৈনিক প্রথম আলোর ডেপুটি হেড অব ফটোগ্রাফি সাজিদ হোসেন। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে দৃকের অফিশিয়াল ফেসবুক পেজে ফলাফল ঘোষণা করা হয়। সেখানে বিজয়ীদের নাম ও নির্বাচিত আলোকচিত্র প্রকাশ করা হয়।

এবার জনমুখী সাংবাদিকতা বিভাগ ও রাজনীতি বিভাগে বিজয়ী হয়েছেন ডেইলি টাইমস অব বাংলাদেশের ফটোসাংবাদিক মো. মাজহারুল ইসলাম। এই দুই বিভাগে বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন একই প্রতিষ্ঠানের হেড অব ফটোগ্রাফি মো. মাহমুদ জামান। শিল্প, সংস্কৃতি ও ক্রীড়া বিভাগে বিজয়ী হয়েছেন ডেইলি সানের স্পোর্টস ফটোসাংবাদিক তানভীন তামিম। এ বিভাগে বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন দৈনিক ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি।

চলতি বছরের জুনে আলোকচিত্র সাংবাদিকতা ও তথ্যমূলক আলোকচিত্রের ক্ষেত্রে ২০২৫ সালে ধারণ করা ছবি আহ্বান করা হয়েছিল। শীর্ষস্থানীয় আলোকচিত্রী ও ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী দেড় হাজারের বেশি আলোকচিত্র থেকে বিজয়ীদের নির্বাচন করেন।

এবারের বিচারক ছিলেন সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব জেনারেল এডুকেশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব প্র্যাকটিস দীনা হোসাইন, আলোকচিত্রী মুনির উজ জামান এবং আলোকচিত্রী, অ্যাকটিভিস্ট ও কিউরেটর শহিদুল আলম।

সাজিদ হোসেনের তোলা এই ছবি পিকচার অব দ্য ইয়ার-বর্ষসেরা আলোকচিত্র ২০২৫ নির্বাচিত হয়েছে

দৃক জানায়, ভুয়া খবরের বিস্তারের এই সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত আলোকচিত্র এখনো খবরের অন্যতম বিশ্বস্ত উৎস। একই সঙ্গে সংবাদ সংগ্রহের কাজে প্রেস আলোকচিত্রীদের নানা ঝুঁকির মুখে কাজ করতে হয়। সেই সাহসী আলোকচিত্রী সাংবাদিকদের কাজের স্বীকৃতি ও উদ্‌যাপনের লক্ষ্যেই ২০২১ সালের আলোকচিত্রকে কেন্দ্র করে বাংলাদেশ প্রেস ফটো প্রতিযোগিতার যাত্রা শুরু হয়। এবার পঞ্চমবারের মতো এ আয়োজন অনুষ্ঠিত হলো।

‘পিকচার অব দ্য ইয়ার-বর্ষসেরা আলোকচিত্র ২০২৫’ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা। প্রতিটি বিভাগের বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা এবং বিশেষ সম্মাননা বিজয়ী পাবেন ১০ হাজার টাকা। এ ছাড়া সব বিজয়ীকে সম্মাননা স্মারক, সনদ ও বার্ষিক বইয়ের একটি সংস্করণ দেওয়া হবে।

বিজয়ী আলোকচিত্রের পাশাপাশি নির্বাচিত আরও ৩২টি ছবি নিয়ে ৩১ জুলাই থেকে আগামী ১২ আগস্ট পর্যন্ত রাজধানীর দৃক গ্যালারিতে ‘বাংলাদেশ প্রেস ফটো প্রদর্শনী ২০২৬’ অনুষ্ঠিত হবে। বৃহত্তর পরিসরে দর্শকের কাছে প্রদর্শনীটি পৌঁছে দিতে একই সময়ে ভার্চ্যুয়াল প্রদর্শনীরও আয়োজন করা হবে।