বাংলাদেশিদের চিকিৎসা দেবে থাইল্যান্ডের থেপটারিন হাসপাতাল

থাইল্যান্ডের থেপটারিন হাসপাতাল
ছবি: সংগৃহীত

বাংলাদেশি রোগীদের সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা দেবে থাইল্যান্ডের ডায়াবেটিক সেন্টার ও হাসপাতাল থেপটারিন। হাসপাতালটিতে বাংলাদেশিদের এ সেবা দিতে একটি চুক্তি সই করেছে সিয়ো নয় হেলথ অ্যান্ড ট্রাভেলস নামের একটি প্রতিষ্ঠান।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সম্প্রতি এই চুক্তি হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিয়ো নয় হেলথ অ্যান্ড ট্রাভেলস। এতে বলা হয়, থেপটারিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. তাওয়ান চিতচুলমম ও সিয়ো নয় হেলথ অ্যান্ড ট্রাভেলসের পরিচালক কানলায়াউই ওয়ায়েক্লেহং চুক্তিতে সই করেন।

সিয়ো নয় হেলথ অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক মাজেদুল হক একজন বাংলাদেশি। মাজেদুল বলেন, ‘থাইল্যান্ডে যেসব আন্তর্জাতিক হাসপাতাল রয়েছে, সেগুলোর খরচ অনেক বেশি। তাই আমরা স্থানীয় ব্যক্তিদের মধ্যে জনপ্রিয় হাসপাতাল থেপটারিনে বাংলাদেশিদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সেবা দিচ্ছি।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত থেপটারিন হাসপাতাল ব্যাংককে অবস্থিত। এটি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সে দেশের সরকারের অনুদান পেয়ে থাকে। ফলে তারা কম খরচে স্থানীয় ব্যক্তিদের চিকিৎসাসেবা দিতে পারে। থেপটারিন ও সিয়ো নয় হেলথ অ্যান্ড ট্রাভেলসের মধ্যে চুক্তির কারণে বাংলাদেশিরাও একই খরচে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে থেপটারিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. তাওয়ান চিতচুলমম বলেন, ডায়াবেটিস, হৃদ্‌রোগ, যেকোনো অস্ত্রোপচার ও দাঁতের চিকিৎসায় সুনাম রয়েছে থেপটারিন হাসপাতালের। হাসপাতালটিতে বিভিন্ন দেশের দক্ষ ও স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসাসেবা দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, থেপটারিন হাসপাতালে ৫০ শতাংশ ছাড়ে ১৬ থেকে ৩০ হাজার টাকায় হৃদ্‌যন্ত্রের বিভিন্ন পরীক্ষা এবং ১০ থেকে ৫৫ হাজার টাকায় ১৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা যাবে।