কৃতী সংবর্ধনা ২৬, ২৭ ও ২৮

উজ্জ্বল মুখে ভরা প্রাঙ্গণ

শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উল্লসিত শিক্ষার্থীরা। গতকাল সকালে পাবনা জিলা স্কুল মাঠে
ছবি: হাসান মাহমুদ

ছায়ার হাওর থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলা শহর। সেখান থেকে সুনামগঞ্জ শহর—প্রায় ৫৫ কিলোমিটার পাড়ি দিয়েছে মৌমিতা সরকার। উদ্দেশ্য ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা’ অনুষ্ঠানে যোগ দেওয়া।

মৌমিতার মতো হাওর পেরিয়ে কৃতী সংবর্ধনায় যোগ দিয়েছিল জিপিএ-৫ পাওয়া ফয়সল আহমদ, রোদশী আনজুম, নৌশনি নূর আফিন্দিও। গতকাল শনিবার শীতের সকালে সুনামগঞ্জ শহরে মিষ্টি রোদ যখন উঁকি দিল, তখন মৌমিতাদের মতো এমন শত উজ্জ্বল মুখে ভরে উঠল পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ।

একাডেমির হাসন রাজা মিলনায়তনে বসেছিল প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার এ আসর।

সার্টিফিকেট ও ক্রেস্ট হাতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা। গতকাল হবিগঞ্জের বসন্ত কুমারী-গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে

সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে ৯টায়। তবে সকাল আটটা থেকেই অনুষ্ঠানস্থলে আসতে থাকে শিক্ষার্থীরা। সঙ্গে আসেন তাদের অভিভাবকেরাও। শিক্ষার্থীরা উপহার হিসেবে পেয়েছে ক্রেস্ট, সনদ, নাশতা, প্রথম আলো ই-পেপার (এক মাস) ও অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন এবং শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স।

বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সুনামগঞ্জের অনুষ্ঠান। এতে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম। তিনি বলেন, হতাশা, সংকীর্ণতা যেন মনে জায়গা করে নিতে না পারে। দেশকে ভালোবাসতে হবে, সব মানুষকে ভালোবাসতে হবে।

সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ অর্জিত হয়েছে। তাই আমরা কখনো হারব না। দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। আজকের শিক্ষার্থীরাই এই দেশকে এগিয়ে নেবে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মতিউর রহমান, সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য কানিজ সুলতানা, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক পঙ্কজ কান্তি দে, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার উপদেষ্টা মো. রাজু আহমদ ও সদস্য তাজকিরা হক।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পঙ্কজ রায়, মনিকা দাস ও অভিজিত তালুকদার। নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার মৌমিতা বিশ্বাস, মৌলি তালুকদার, সুইটি সূত্রধর।

ছবি তুলছে জিপিও-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা। গতকাল সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে

‘সামনে এগোতে হবে’

পাবনা জিলা স্কুল প্রাঙ্গণে আয়োজিত কৃতী সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধন করেন সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। মানুষ হও। ভালো মানুষ হতে বাধা আসবেই, থেমে যাওয়া চলবে না। সামনে এগোতে হবে।’

উদ্বোধনী পর্ব শেষেই শুরু হয় গান ও নৃত্য। গান পরিবেশন করেন বন্ধুসভার সদস্য শেখ তোজা ফাহমিদা, নাহিদুজ্জামান, স্মরণী আক্তার ও ব্যান্ড অরফিউজিক। নৃত্য পরিবেশন করেন তেহজীব তারাননুন। এর ফাঁকে ফাঁকে কৃতীদের উদ্দেশে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা। প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন শিক্ষার্থীদের মিথ্যা, মাদক ও মুখস্থকে না বলার শপথ পাঠ করান।

অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান শওকত হোসেন, পাবনা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল খালেক, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, বন্ধুসভার সভাপতি ও পাবনা ইসলামিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান গোলাম হাসনায়েন প্রমুখ।

কৃতীরাই সম্ভাবনাময়

হবিগঞ্জে কৃতী সংবর্ধনার আয়োজন করা হয় শহরের বসন্ত কুমারী-গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে। উৎসবের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন হবিগঞ্জ বন্ধুসভার সদস্যরা। অনুষ্ঠানে প্রথম পর্বে ছিল অতিথিদের বক্তব্য। দ্বিতীয় পর্বে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে কৃতী শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট, উপহার ও সকালের নাশতা দেওয়া হয়।

অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য জহিরুল হক শাকিল বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এ সম্ভাবনাময় দেশের সম্ভাবনাময় প্রজন্ম হচ্ছে আজকের কৃতী শিক্ষার্থীরা। তারা সঠিক পথে হাঁটলেই এ দেশ নতুন রাস্তা খুঁজে পাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জাহান আরা খাতুন, হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন, বসন্ত কুমারী-গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল কবির, প্রথম আলোর মানবসম্পদ বিভাগের প্রধান শামীম খান, প্রশাসন বিভাগের ব্যবস্থাপক এ বি এম খায়রুল কবির প্রমুখ।

গত ১৬ জানুয়ারি থেকে সারা দেশে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। এ আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।