
দেশের আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৪-২০২৫) নির্বাচন আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঘিরে আইনজীবীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যাচ্ছে। সমিতি ভবনের সামনে, বিভিন্ন প্রবেশমুখে ও দ্বিতীয় তলার সংযোগ সেতুতে দাঁড়িয়ে প্রার্থীদের জন্য ভোট চাওয়ার পাশাপাশি ভোটারদের হাতে প্রার্থীর পরিচয় সংবলিত কার্ড তুলে দিতেও দেখা যায় সমর্থকদের।
সভাপতি, সহসভাপতি (দুটি), সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসম্পাদক (দুটি) এবং সদস্য সাতটি পদসহ মোট ১৪টি পদে এক বছর মেয়াদের জন্য এই নির্বাচন হয়ে থাকে। সাধারণ আইনজীবীদের ধারণা, সমিতির নির্বাচনে বরাবরই মূলত দুটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে। একটি হচ্ছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেল (সাদা হিসেবে পরিচিত)। অন্যটি, বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল হিসেবে পরিচিত)। দুটি প্যানেলই ইতিমধ্যে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর বাইরেও বেশ কয়েকজন প্রার্থী হয়েছেন।
এর আগে ১১ ফেব্রুয়ারি এক নোটিশে সমিতির দুই দিনব্যাপী নির্বাচনের (২০২৪-২০২৫) তারিখ ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুসারে, ১২ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়।
আইনজীবীদের একটি সূত্র জানিয়েছে, নির্বাচনে ভোটার সংখ্যা ৭ হাজার ৮৮৩ জন। তবে নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সোমবার প্রথম আলোকে বলেন, চূড়ান্ত প্রার্থী ও ভোটার তালিকা শিগগিরই জানিয়ে দেওয়া হবে। সুষ্ঠু, নিরপেক্ষ ও কলুষমুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিটি বন্ধপরিকর।
সাদা প্যানেলের প্রার্থী যাঁরা
তফসিল ঘোষণার পর ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ তাদের প্রার্থীদের (সাদা প্যানেল) নাম ঘোষণা করে। এই প্যানেল থেকে সভাপতি পদে আবু সাঈদ সাগর, সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সহসভাপতি পদে রমজান আলী শিকদার ও দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহসম্পাদকের দুটি পদে মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ হুমায়ুন কবির নির্বাচনে প্রার্থী হয়েছেন। সদস্য সাতটি পদে মোহাম্মদ খালেকুজ্জামান ভূইয়া, মাহমুদা আফরোজ, মো, বেলাল হোসেন, খালেদ মোশাররফ, মো. রায়হান রনি, সৌমিত্র সরদার ও রাশেদুল হক খোকন প্রার্থী হয়েছেন।
নীল প্যানেলের প্রার্থী যাঁরা
১৭ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল হিসেবে পরিচিত) প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এই প্যানেল থেকে সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন (খোকন), সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস, সহসভাপতি পদে মো. হুমায়ুন কবির ও সরকার তাহমিনা বেগম, কোষাধ্যক্ষ পদে মো. রেজাউল করিম, সহসম্পাদক পদে মাহফুজুর রহমান ও মো. আব্দুল করিম প্রার্থী হয়েছেন। সদস্যের সাতটি পদে ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহী, মো. শফিকুল ইসলাম শফিক, মো. রাসেল আহমেদ, মো. আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ ও মো. ইব্রাহিম খলিল প্রার্থী হয়েছেন।
বিভিন্ন পদে অন্য প্রার্থী যাঁরা
যাচাই–বাছাই শেষে ২২ ফেব্রুয়ারি বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ১৪টি পদের বিপরীতে বৈধ প্রার্থীর সংখ্যা ৩৪ জন। দুই প্যানেলের বাইরে সভাপতি পদে আরও দুজন প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন মো. ইউনুছ আলী আকন্দ ও মো. খলিলুর রহমান বাবলু (এম কে রহমান)। সম্পাদক পদে ফরহাদ উদ্দিন আহমেদ ভুইয়া ও নাহিদ সুলতানা যুথী সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। মো. সাইফুল ইসলাম কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন।
সমিতির গত (২০২৩-২৪) নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক নিয়ে বিএনপি-সমর্থিত প্যানেলের প্রার্থীদের আপত্তি এবং এর জেরে ভাঙচুর, পুলিশের পিটুনি, হট্টগোল ও ধাক্কাধাক্কির মধ্যে দিয়ে গত বছরের ১৫ ও ১৬ মার্চ ভোট হয়। অবশ্য সেই নির্বাচন আনুষ্ঠানিক বর্জনের ঘোষণা না দিলেও নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি তোলেন বিএনপিপন্থী আইনজীবীরা। গত বছরের ১৭ মার্চ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদের সব কটিতেই জয় পান আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের আইনজীবীরা।