সাংবাদিক আফতাব হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজু মুন্সি
ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজু মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ)। গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে দিনাজপুরের ফুলবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় এটিইউ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) এম এম হাসানুল জাহিদ। তিনি বলেন, আফতাব আহমেদ পশ্চিম রামপুরার ওয়াপদা রোড এলাকায় নিজস্ব ফ্ল্যাটে থাকতেন। তাঁর ব্যক্তিগত গাড়িচালক হুমায়ুন কবিরের সহায়তায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে রাজুসহ বেশ কয়েকজন ২০১৩ সালের ২৪ ডিসেম্বর তাঁর বাসায় ঢোকেন। এ সময় তাঁরা বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার লুটের চেষ্টা করেন। আফতাব এ কাজে বাধা দিয়ে চিৎকার করতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়।

এটিইউর পুলিশ সুপার বলেন, ঘটনার পরদিন ২৫ ডিসেম্বর বাসা থেকে আফতাব আহমেদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ২৬ ডিসেম্বর রামপুরা থানায় একটি হত্যা মামলা করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে ২০১৩ সালে পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারের এক বছরের মাথায় রাজু মুন্সিসহ দুজন জামিনে বের হয়ে আত্মগোপন চলে যান।

সংবাদ সম্মেলনে রাজুকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানান এটিইউর পুলিশ সুপার এম এম হাসানুল জাহিদ

আফতাব আহমেদ খুনের মামলায় ২০১৭ সালের ২৮ মার্চ পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন বিলাল হোসেন কিসলু, হাবিব হাওলাদার, রাজু মুন্সি, রাসেল ও গাড়িচালক হুমায়ুন কবির মোল্লা। অপর আসামি সবুজ খানকে সাত বছর কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।

সংবাদ সম্মেলনে এম এম হাসানুল জাহিদ বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজু মুন্সি দীর্ঘ ৯ বছর বিভিন্ন ছদ্মবেশে দেশের সীমান্তবর্তী এলাকায় আত্মগোপনে ছিলেন। তিনি পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতেন না।

সাংবাদিক আফতাব আহমেদ দৈনিক ইত্তেফাকের ফটোসাংবাদিক ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও পরবর্তী সময়কার অনেক দুর্লভ ছবি তোলেন। আলোকচিত্র সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ২০০৬ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।