প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে কেলি ই ক্যারি
প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে কেলি ই ক্যারি

বিশেষ সাক্ষাৎকার: জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

জান্তার সঙ্গে ব্যবসার অর্থ নৃশংসতা টিকিয়ে রাখা

জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই ক্যারি ১১ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ সফর করেন। বুধবার তাঁর সঙ্গে আলাপে বাংলাদেশে রোহিঙ্গা শিবির, ভারত ও মিয়ানমারের মধ্যে বহুমাত্রিক সংযুক্তি নিয়ে কালাদান প্রকল্প, রাখাইনে চীনের কৌশলগত স্বার্থসহ বিভিন্ন বিষয় উঠে আসে। তিনি মনে করেন, মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে ব্যবসা ও অর্থনৈতিক সম্পৃক্ততার অর্থ দেশটিতে নৃশংসতা টিকিয়ে রাখতে সাহায্য করা। সাক্ষাৎকার নিয়েছেন রাহীদ এজাজ

প্রশ্ন

আপনি আগেও বাংলাদেশে এসেছেন। এবার রোহিঙ্গা শিবিরে নতুন বা উল্লেখযোগ্য কী দেখলেন?

কেলি ই ক্যারি: যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করেছে, তা হলো নারীদের পরিস্থিতির ভঙ্গুরতা। ২০১৮ সালেও শিবিরে নারী ও শিশুই বেশি ছিল, এখনো তা-ই আছে; কিন্তু নারীরা নিজেদের কতটা অনিরাপদ মনে করেন, সেটিই সবচেয়ে বড় পার্থক্য। আগে তাঁরা বলতেন, ‘আমি এই শিবিরে নিরাপদ। যারা আমার ক্ষতি করেছে, তারা রাখাইনে ছিল। আমি পালিয়ে এসে এখন নিরাপদ জায়গায় আছি।’ এখন তাঁরা সত্যিই বেশ অনিরাপদ বোধ করছেন।

নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে গতকাল মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা জেনোসাইড মামলার রায় ঘোষণার আগে শুনানিতে বিচারকেরা
প্রশ্ন

আপনার পূর্বসূরিদের মতো আপনিও মিয়ানমারে প্রবেশের অনুমতি পাননি। এতে কি বস্তুনিষ্ঠ ও ভারসাম্যপূর্ণ মূল্যায়ন করা কঠিন হয়ে পড়ছে?

কেলি ক্যারি: অবশ্যই কঠিন। আমরা মিয়ানমারের ভেতরে কর্মরত সাহসী মানবাধিকারকর্মী, পর্যবেক্ষক ও নাগরিক সমাজের সংগঠনগুলোর কাছ থেকে যথাসাধ্য তথ্য সংগ্রহ করি। জান্তা নিয়ন্ত্রিত ও জান্তা-বহির্ভূত দুই এলাকাতেই তাঁরা কাজ করছেন। তথ্য ও প্রমাণ সংগ্রহে তাঁরা অত্যন্ত দক্ষ। তবে আমি নিজে যেতে পারি না। আশা করি, একদিন সেখানে যেতে পারব এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে পারব।

আমাকে তথ্যনিষ্ঠ ও নির্ভুল হতে হবে, স্বাধীন থাকতে হবে। এই দায়িত্বের মূল কথাই স্বাধীনতা; কিন্তু আমাকে পক্ষপাতহীন হতে হবে, এমন নয়। মানবাধিকারের প্রতি, মানবাধিকার লঙ্ঘনের শিকার ও বেঁচে যাওয়া মানুষদের প্রতি আমার পক্ষপাত আছে, নিপীড়কের প্রতি নেই। বস্তুনিষ্ঠতার মানে এই নয় যে আমি নির্যাতনকারী আর ভুক্তভোগীকে একই চোখে দেখব। হয়তো মানুষ এর সমালোচনা করবে; কিন্তু এটা ছাড়া এই ভূমিকা কীভাবে পালন করা যায়, আমি বুঝি না।

যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করেছে, তা হলো নারীদের পরিস্থিতির ভঙ্গুরতা। ২০১৮ সালেও শিবিরে নারী ও শিশুই বেশি ছিল, এখনো তা-ই আছে; কিন্তু নারীরা নিজেদের কতটা অনিরাপদ মনে করেন, সেটিই সবচেয়ে বড় পার্থক্য।
প্রশ্ন

ভারত মিয়ানমারের সঙ্গে রাজনৈতিক যোগাযোগের পাশাপাশি বিভিন্ন প্রকল্প ও ব্যবসায়িক সম্পর্কেও যুক্ত। সিত্তের বন্দর ও কালাদান মাল্টিমডাল প্রকল্প এর উদাহরণ। এই সম্পৃক্ততাকে কি আপনি সমস্যাজনক মনে করেন?

কেলি ক্যারি: এটাতে আমি সমস্যা দেখি। কারণ, শেষ পর্যন্ত আপনি এমন একটি শাসনব্যবস্থাকে বৈধতা দিচ্ছেন, যারা সেই সম্পদ ও বৈধতা ব্যবহার করে নিজেদের জনগণকে সন্ত্রস্ত করে এবং নৃশংসতা চালায়। সামরিক জান্তার সঙ্গে ব্যবসা করার অর্থ মিয়ানমারে সহিংসতা, সন্ত্রাস ও নৃশংসতার চক্র টিকিয়ে রাখতে সাহায্য করা।

আমার বিশ্লেষণে, চীন ভারত মহাসাগরে প্রবেশাধিকার চায়। মিয়ানমারের প্রতিবেশী হিসেবে এবং দীর্ঘ সীমান্তের কারণে দেশটি বিশেষ অবস্থানে আছে।
প্রশ্ন

আপনি নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়ার ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আপনার কি মনে হয়, চীন নিয়ন্ত্রিত অস্থিতিশীলতা চায়, যাতে নিজের স্বার্থে ও শর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে?

কেলি ক্যারি: আমার বিশ্লেষণে, চীন ভারত মহাসাগরে প্রবেশাধিকার চায়। মিয়ানমারের প্রতিবেশী হিসেবে এবং দীর্ঘ সীমান্তের কারণে দেশটি বিশেষ অবস্থানে আছে। ২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর গত পাঁচ বছরে চীন সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে।তাদের পছন্দের কিছু সশস্ত্র গোষ্ঠী রয়েছে বলে শোনা যায়।

চীন চায় না আরাকান আর্মি কিয়াউকফিউর নিয়ন্ত্রণ নিক। তবে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে গেলে চীন তাদের সঙ্গেও কাজ করবে।
প্রশ্ন

গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দেখা করলে কুনমিং থেকে মিয়ানমার হয়ে কিয়াউকফিউ ও বঙ্গোপসাগর পর্যন্ত অর্থনৈতিক করিডরের ধারণা নিয়ে আলোচনা হয়েছিল। এর পেছনেও কি সেই কৌশলগত স্বার্থ রয়েছে?

কেলি ক্যারি: আমার মতে, চীনের গভীর স্বার্থ কিয়াউকফিউ। এটিই চীনের কৌশলগত লক্ষ্য। প্রকল্পটি ইতিমধ্যে এগোচ্ছে। রাখাইনে সংঘাত এত তীব্র হওয়ার একটি কারণ হলো আরাকান আর্মি সিত্তে ও কিয়াউকফিউর খুব কাছে চলে এসেছে। চীন চায় না আরাকান আর্মি কিয়াউকফিউর নিয়ন্ত্রণ নিক। তবে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে গেলে চীন তাদের সঙ্গেও কাজ করবে।

প্রশ্ন

রাখাইনের গৃহযুদ্ধে বেসামরিক লোকজনকে বাধ্যতামূলকভাবে যুক্ত করা এবং আরাকান আর্মির নানা নির্যাতনের কথা আপনি বলেছেন। বৃহত্তর প্রতিরোধকে দুর্বল না করে সেনাবাহিনীর পাশাপাশি আরাকান আর্মিকে কীভাবে জবাবদিহির আওতায় আনা যায়?

কেলি ক্যারি: বিদ্রোহীদের নিয়ন্ত্রিত কিছু এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে জবাবদিহিমূলক ব্যবস্থা চালু হয়েছে। কোনো সমস্যা হলে নিজেরাই সমাধান করছে। আমার মনে হয়, এটি একটি মডেল হতে পারে। সম্প্রতি কাচিনে কাচিন ইনডিপেনডেন্স আর্মির এক সদস্য একজন বেসামরিক মানুষকে মারধর করেছিলেন। সংগঠনটি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কারণ, তাদের নিজেদের সম্প্রদায়ের কাছে জবাবদিহি করতে হয়।

রাখাইনে চ্যালেঞ্জ হলো—আরাকান আর্মি মনে করে, এসব লঙ্ঘনের জন্য তারা রাখাইন সম্প্রদায়ের কাছেই জবাবদিহি করছে। এটি একটি সমস্যা।

বিষয়টি আরও কঠিন। কারণ, সেখানে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীও রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তারা অপরাধী চক্রের চেয়ে সামান্যই বেশি কিছু। বাংলাদেশের ভেতর থেকেও কেউ কেউ তাদের সহায়তা দিয়েছে বলে শোনা যায়। এ বিষয়ে আমাদের সৎ হতে হবে। সে কারণে বাংলাদেশ সরকারের কাছ থেকে যখন শুনলাম, সশস্ত্র গোষ্ঠীগুলো বাংলাদেশের ভূখণ্ড তাদের কর্মকাণ্ডে ব্যবহার করতে পারবে না, তখন আমি খুব খুশি হয়েছি। রোহিঙ্গা সম্প্রদায় এতটাই প্রান্তিক যে তারা জান্তা, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ও আরাকান আর্মির মাঝখানে পিষ্ট হচ্ছে।

আমার মতে, জবাবদিহি শেষ পর্যন্ত মিয়ানমারের ভেতর থেকেই আসবে। সংঘাত শেষ হওয়ার পর উত্তরণকালীন ন্যায়বিচার নিয়ে উদ্যোগ নেওয়া হলে এবং এ ক্ষেত্রে প্রকৃত অগ্রগতি হলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। উত্তরণের সময় এসব বিষয় শুরু থেকে যুক্ত না করা হলে পরিস্থিতি আরও খারাপ হয়। আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং মানবাধিকার ও গণতন্ত্রের কথা বলা প্রধান শক্তিগুলো, যেমন যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। বলা হয়েছিল, আগে বিনিয়োগ ও অর্থনৈতিক সংস্কার, পরে এসব ভাবা যাবে। এতে কাজ হয় না।

রাখাইনে সংঘাত এত তীব্র হওয়ার একটি কারণ হলো আরাকান আর্মি সিত্তে ও কিয়াউকফিউর খুব কাছে চলে এসেছে। চীন চায় না আরাকান আর্মি কিয়াউকফিউর নিয়ন্ত্রণ নিক। তবে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে গেলে চীন তাদের সঙ্গেও কাজ করবে।
প্রশ্ন

আপনাকে ধন্যবাদ।

কেলি ক্যারি: আপনাকেও ধন্যবাদ।