চবিতে ছাত্রলীগের বহিষ্কৃত ৩ কর্মী আবারও পরীক্ষা দিলেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ১৭ নেতা–কর্মীকে বহিষ্কারের ২০ দিনেও চিঠি পায়নি সংশ্লিষ্ট বিভাগ ও হলগুলো। এ সুযোগে একের পর এক চূড়ান্ত পরীক্ষা দিয়ে যাচ্ছেন বহিষ্কৃতরা। চিঠি না পাওয়ায় আবাসিক হলও ছাড়েননি তাঁরা। তাঁদের মধ্যে তিন কর্মী আজ রোববারও পরীক্ষা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত মারামারি, কক্ষ ভাঙচুর ও সংঘর্ষসহ পাঁচটি ঘটনায় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটির চারজন পদধারী নেতা ও ১৩ কর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ৯ জানুয়ারি বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের সভায় তাঁদের বহিষ্কার করা হয়। ওই দিন থেকেই আদেশ কার্যকর হবে বলে সিদ্ধান্তে জানানো হয়েছিল। তবে এখনো নেতা–কর্মীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ ছাড়া আবাসিক হলেও থাকছেন তাঁরা। সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ ও বিভাগের সভাপতিদের দাবি, বহিষ্কারের কোনো চিঠি কর্তৃপক্ষ দেয়নি।

জানা গেছে, বহিষ্কৃত ছাত্রলীগের নেতা-কর্মীরা ১৩টি বিভাগে পড়াশোনা করছেন। এর মধ্যে দুটি বিভাগে পরীক্ষা চলছে। আজ সংস্কৃত বিভাগের চতুর্থ বর্ষের অনিক দাস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের তনয় কান্তি সরকার ও মাহমুদ হাসান চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন। তাঁদের তিনজনই বহিষ্কৃত।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ৫ জানুয়ারি সংস্কৃত বিভাগের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। ১৩ ফেব্রুয়ারি এ পরীক্ষা শেষ হবে। আজ এ বর্ষের ৪০৫ নম্বর কোর্সের চূড়ান্ত পরীক্ষা হয়। সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন অনিক।

অপর দিকে গত বছরের ৩ নভেম্বর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের চূড়ান্ত  পরীক্ষা শুরু হয়। আজ এ বর্ষের ৩১০ নম্বর কোর্সের পরীক্ষা ছিল। মাহমুদ হাসান ও তনয় কান্তি সরকার কলা ও মানববিদ্যা অনুষদের তৃতীয় তলায় পরীক্ষা দিয়েছেন। তৃতীয় বর্ষের এটিই শেষ পরীক্ষা।

জানতে চাইলে সংস্কৃত বিভাগের সভাপতি রাজপতি দাশ প্রথম আলোকে বলেন, আজকে পর্যন্ত অনিক দাসের বহিষ্কারের বিষয়ে কর্তৃপক্ষ থেকে কোনো চিঠি পাননি তাঁরা। চিঠি না পাওয়া পর্যন্ত অনিক দাস পরীক্ষা দিতে পারবেন। চিঠি পেলে আর পরীক্ষা দিতে দেওয়া হবে না।

একই কথা বলেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি মোহাম্মদ বশির আহম্মদ।

বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে বহিষ্কারের পর বিভাগ ও আবাসিক হলে চিঠি পাঠায় বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি। ছাত্রলীগ কর্মীদের বহিষ্কারের ১৯ দিন পরও কেন চিঠি পাঠানো হয়নি, জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ওই কমিটির সদস্য সচিব রবিউল হাসান ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। বেলা তিনটার দিকে কার্যালয়ে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।

গত ২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় ছয় ছাত্রলীগ কর্মীকে এক বছরের জন্য বহিষ্কার করে কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে অনিক দাস ও তনয় কান্তি সরকার আছেন।

অপর দিকে, ৫ ও ৬ জানুয়ারি দুই দিন সংঘর্ষে জড়িয়েছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপপক্ষ সিক্সটি নাইন ও ভার্সিটি এক্সপ্রেস। সংঘর্ষে সহকারী প্রক্টর শহীদুল ইসলামসহ ১২ জন আহত হন। এ ঘটনায় সিক্সটি নাইন উপপক্ষের কর্মী মাহমুদ হাসানসহ ছয়জনকে বহিষ্কার করা হয়।