
নারীমুক্তি, গণতন্ত্র, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা কবি বেগম সুফিয়া কামালের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) উদ্যোগে ধানমন্ডি ৩২ নম্বরে কবির বাড়ি ‘সাঁঝের মায়া’য় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে আয়োজনে উপস্থিত ছিলেন কবির পরিবারের সদস্য, মানবাধিকারকর্মী থেকে কবিভক্তরা।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রতিষ্ঠাতা ও সভাপতি কবিকন্যা সুলতানা কামাল উপস্থিত সবাইকে স্বাগত জানান। তিনি আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, কবি সুফিয়া কামাল মানুষের কল্যাণের চেষ্টা করে গেছেন। কবির প্রতি অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা।
এরপর কবির লেখা কবিতা ও তাঁর প্রিয় গান গেয়ে শোনানো হয়। কবি স্মরণে গান পরিবেশন করেন কবির নাতনি প্রয়াত সাঈদা কামালের কন্যা ফারজীন আনসারী তিয়া।
‘জননী সুফিয়া কামাল’ স্মারকগ্রন্থ থেকে কবির সদ্য প্রয়াত বড় ছেলে শাহেদ কামাল ও কনিষ্ঠ কন্যা সাঈদা কামালের লেখা পাঠ করেন নাহিদ শামস ও সোফিয়া হাসিন। পাঠের সময় আয়োজনজুড়ে নেমে আসে নীরবতা। পরিবারের সদস্য থেকে শুরু করে উপস্থিত সুহৃদদের অনেকের চোখ ছলছল করে ওঠে।
অনুষ্ঠানে কবির শততম জন্মবার্ষিকী উপলক্ষে কবির নাতনি দিয়া সুদেষ্ণা চক্রবর্তীর কণ্ঠে ধারণকৃত অডিও গান উপস্থাপন করা হয়। আয়োজনে আরও গান গেয়ে শোনান নির্ঝর চৌধুরী, জান্নাত এ-ফেরদৌসী ও শিল্পী সাহা।
মহিলা পরিষদের সদস্য সুফিয়া আক্তার কবির সঙ্গে তাঁর ব্যক্তিগত স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, ‘কবির মতো নেত্রী, দেশপ্রেমিক আর দেখিনি, কখনো আর দেখবও না। তিনি নীরবে এত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা বলে শেষ করা যাবে না।’
এরপর সুফিয়া আক্তার সুফিয়া কামালের কবিতা ‘সাঁঝের মায়া’ পাঠ করেন এবং মহিলা পরিষদের পক্ষ থেকে কবি এবং তাঁর সদ্য প্রয়াত বড় ছেলে শাহেদ কামাল ও ছোট মেয়ে সাঈদা কামালের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী ও উন্নয়ন সংগঠক খুশী কবির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সৈয়দ আবুল বার্ক্ আলভী, মহিলা পরিষদের সদস্য দিল আফরোজ, ছায়ানটের শিক্ষক জান্নাত এ ফেরদোসি, আইনজীবী নাহিদ শামসসহ বিভিন্ন সংগঠন থেকে আগত স্বজনেরা।
এমএসএফের প্রধান নির্বাহী সাইদুর রহমান উপস্থিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন এমএসএফের ‘এমপাওয়ারহার’ প্রকল্পের সমন্বয়ক নাজনীন শবনম।
১৯৯৯ সালের ২০ নভেম্বর ‘জননী সাহসিকা’খ্যাত সুফিয়া কামাল মারা যান। ১৯১১ সালে বরিশালের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
সুফিয়া কামাল ছিলেন একাধারে কবি, নারী আন্দোলনের অগ্রণী নেত্রী এবং ধর্মান্ধতা ও অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক অকুতোভয় যোদ্ধা। একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন-সংগ্রামে সুফিয়া কামাল সক্রিয়ভাবে অংশ নেন।
সুফিয়া কামাল যখন জন্মগ্রহণ করেন, তখন নারীশিক্ষা অনেকটা নিষিদ্ধ ছিল। সুফিয়া কামাল নিজ উদ্যোগে নিজেকে শিক্ষিত করেই ক্ষান্ত হননি, পিছিয়ে পড়া নারী সমাজকে শিক্ষিত করে তোলার দায়িত্বও কাঁধে তুলে নিয়েছিলেন। নারীর অধিকার আদায়ের আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে গড়ে তোলেন বাংলাদেশ মহিলা পরিষদ।
ভাষা আন্দোলনে অংশ নেওয়া কবি সুফিয়া কামাল ছিলেন ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীহলের নাম ‘রোকেয়া হল’ করার দাবি জানিয়েছিলেন তিনি। ১৯৬১ সালে তৎকালীন পাকিস্তান সরকার রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করলে তার বিরোধিতা করেন এই কবি। তিনি শিশু সংগঠন ‘কচি-কাঁচার মেলা’ প্রতিষ্ঠাতাদের একজন।