১৭ বছর আগে তরুণীকে খুনের মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

আদালত
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরে এক তরুণীকে খুনের মামলায় ইউসুফ বিন আলম (৩৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞা এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। আসামি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে আদালত সাজা পরোয়ানা জারি করেছেন।

আদালত সূত্র জানায়, ২০০৬ সালের ৫ মে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার স্টেশন রোডের একটি হোটেলে ইউসুফ বিন আলম ও তরুণী রিমা আক্তার স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন। দুই দিনের মাথায় ৭ মে সকালে ইউসুফ নাশতা আনার কথা বলে রিমার কক্ষ বাইরে থেকে তালাবদ্ধ করে চলে যান। পরে ভেতরে কোনো সাড়াশব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে দরজা ভেঙে রিমার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করে। ২০০৮ সালের ৮ জুন আসামি ইউসুফ বিন আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ৯ সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ রায় দেন।