খসড়া জনসংখ্যা নীতি

নিয়ন্ত্রণ নয়, জোর বেশি জনসংখ্যা ব্যবস্থাপনায়

১১ বছর পর নতুন নীতি তৈরি হচ্ছে। ব্যবস্থাপনার সঙ্গে সচেতনতার বিষয়টি থাকায় স্বয়ংক্রিয়ভাবে জনসংখ্যা নিয়ন্ত্রিত হবে বলে আশা।

জনসংখ্যা
প্রতীকী ছবি

নতুন জনসংখ্যা নীতি তৈরির কাজে হাত দিয়েছে সরকার। খসড়া নীতিতে জনসংখ্যা ব্যবস্থাপনার বিষয়টি বেশি জোর পাচ্ছে। ব্যবস্থাপনার সঙ্গে সচেতনতার বিষয়টি থাকায় স্বয়ংক্রিয়ভাবে জনসংখ্যা নিয়ন্ত্রিত হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ জনসংখ্যা নীতি হয় ২০১২ সালে। আগের নীতিগুলোতে জনসংখ্যা নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়া হয়েছিল। এবার আসছে ব্যবস্থাপনার বিষয়টি।

জনসংখ্যা ব্যবস্থাপনা নীতির পক্ষে যুক্তি হলো, দেশে কর্মক্ষম জনসংখ্যা বেশি হওয়ায় বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ সুবিধার মধ্য দিয়ে যাচ্ছে। যথাযথ ব্যবস্থাপনা নিলে এই কর্মক্ষম জনসংখ্যাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা যাবে।

এখন আর জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, জনসংখ্যা ব্যবস্থাপনার দিকে যেতে হবে। বিস্তৃতভাবে জনসংখ্যা ব্যবস্থাপনার মধ্যে নিয়ন্ত্রণের বিষয়টিও থাকে।
মোহাম্মদ বিল্লাল হোসেন, অধ্যাপক, জনসংখ্যাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

পরিবার পরিকল্পনা অধিদপ্তর আগামী ডিসেম্বরের মধ্যে নতুন জনসংখ্যা নীতি প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে। জনসংখ্যাবিষয়ক নীতি তৈরির জন্য এ বছরের মার্চে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালককে প্রধান করে একটি কমিটি করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত জুলাইয়ের শেষ সপ্তাহে জনসংখ্যা নীতির প্রথম পর্বের খসড়ার কাজ শেষ হয়। প্রথম পর্বে আটটি বিভাগের মাঠপর্যায়ে বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনা হয়েছে। চূড়ান্ত পর্যায়ে জাতীয় জনসংখ্যা পরিষদের নির্বাহী কমিটির সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।

নতুন নীতি তৈরির কাজে একমাত্র পরামর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিল্লাল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, এখন আর জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, জনসংখ্যা ব্যবস্থাপনার দিকে যেতে হবে। বিস্তৃতভাবে জনসংখ্যা ব্যবস্থাপনার মধ্যে নিয়ন্ত্রণের বিষয়টিও থাকে। কারণ, শিক্ষার হার বাড়ালে, শ্রমে অংশগ্রহণ বাড়ালে মানুষ সচেতন হয়, কটি সন্তান নিতে হবে, সে ব্যাপারে নিজেরাই সচেতন হয়। তিনি বলেন, তাই জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়টি চাপিয়ে না দিয়ে দম্পতিরা যেন সচেতন হয়ে সিদ্ধান্ত নিতে পারেন, সেদিকে জোর দেওয়া হচ্ছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসেই নতুন নীতির খসড়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে। নতুন নীতিতে লক্ষ্য অর্জনের শেষ সময় ২০৩০ থেকে ২০৩৫ সালের মধ্যে রাখা হবে।

জনসংখ্যাবিষয়ক নীতি তৈরির জন্য গঠিত কমিটির সদস্যসচিব ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিকল্পনা বিভাগের পরিচালক মো. মতিউর রহমান প্রথম আলোকে বলেন, বিভিন্ন পর্যায়ে আলোচনায় জনসংখ্যা ব্যবস্থাপনার সঙ্গে নিয়ন্ত্রণের বিষয়টিও রাখার মত এসেছে। তাই জনসংখ্যা ব্যবস্থাপনার পাশাপাশি নিয়ন্ত্রণের বিষয়টিও খসড়ায় উল্লেখ থাকবে।

কেন ব্যবস্থাপনায় জোর

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা ২০২২–এর চূড়ান্ত (সংক্ষিপ্ত) প্রতিবেদন অনুসারে, দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখের কিছু বেশি। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, দেশের জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার ১ দশমিক ২২, যা ২০১১ সালে ছিল ১ দশমিক ৩৭।

১৯৭৬ সালে দেশে জনসংখ্যা নীতির একটি রূপরেখা তৈরি হয়। ওই সময় মোট প্রজনন হার (টিএফআর) ছিল ৬ দশমিক ৩। অর্থাৎ এক দম্পতি ৬টির বেশি সন্তান জন্ম দিত। জনমিতি ও স্বাস্থ্য জরিপ (বিডিএইচএস) ২০২২ অনুসারে, দেশে এখন টিএফআর ২ দশমিক ৩। ২০১১ সাল থেকে এ হার একই জায়গায় রয়েছে। ২০২৩ সালের মধ্যে টিএফআর ২–এ নামিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের।

জনসংখ্যা ব্যবস্থাপনার মাধ্যমে সরকারের লক্ষ্য কর্মক্ষম জনগোষ্ঠীকে ব্যবহার করে অর্থনীতিকে এগিয়ে নেওয়া। কর্মক্ষম জনসংখ্যা বেশি থাকলে শ্রমঘন খাতে বিনিয়োগ ও শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি হয়। তবে এ জন্য শিক্ষা ও স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করে জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে হয়।

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের বাংলাদেশ কার্যালয়ের জনসংখ্যাবিষয়ক পরিকল্পনা ও গবেষণা বিভাগের প্রধান এম শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগে জনসংখ্যা নিয়ন্ত্রণের ওপর সরকারের মনোযোগ ছিল। এখন জনমিতিক লভ্যাংশের সুযোগ নেওয়ার জন্য জনসংখ্যা ব্যবস্থাপনার দিকে বেশি মনোযোগী হতে হবে। তিনি বলেন, দেশে ১৯৮৩ সালে প্রথম জনমিতিক লভ্যাংশ শুরু হয়েছে এবং এটি শেষ হবে ২০৩৫ সালে। এরপর দ্বিতীয় জনমিতিক লভ্যাংশ আরও দীর্ঘস্থায়ী হবে, যদি এখনকার কর্মক্ষম জনগোষ্ঠী অথবা যারা সামনে শ্রম বাজারে আসবে, তাদের সুরক্ষা নিশ্চিত করা যায়।

একটি দেশের মোট কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ যদি কর্মক্ষমতাহীন জনসংখ্যার তুলনায় বেশি হয়, তাহলে সেই অবস্থাকে জনমিতিক লভ্যাংশ বলে। জনশুমারি বলছে, বাংলাদেশে ১৫ থেকে ৫৯ বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠীর হার প্রায় ৬২ শতাংশ।

অধ্যাপক মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বললে তা নারীর ওপর চাপানোর বিষয় চলে আসে। কারণ, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে পুরুষের অংশগ্রহণ কম।

বিডিএইচএস ২০২২ অনুযায়ী, দম্পতিদের মধ্যে জন্মনিয়ন্ত্রণের আধুনিক পদ্ধতি ব্যবহারের হার ৫৫%। এর মধ্যে মাত্র ৯% পদ্ধতি ব্যবহার করে পুরুষ।