ফিলিস্তিন সংহতি কমিটি গঠন

ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক করে ফিলিস্তিন সংহতি কমিটি বাংলাদেশ গঠন করা হয়েছে। গত সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিবিদ, শিক্ষক, লেখকসহ বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিদের সভায় এই কমিটি গঠন করা হয়।

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনের মুক্তির দাবিতে ২৯ ডিসেম্বর বেলা দুইটায় শাহবাগে সম্মিলিত সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। সোমবারের সভায় এ সিদ্ধান্ত হয়। এতে দেশের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয় সভায়।

সভায় বক্তব্য দেন মুজাহিদুল ইসলাম সেলিম, আনু মুহাম্মদ, ইকবাল কবির, শুভ্রাংশু চক্রবর্ত্তী, অধ্যাপক হারুন-অর-রশিদ, বজলুর রশীদ ফিরোজ, ফয়জুল হাকিম, চৌধুরী মুফাদ আহমদ, তাহেরা বেগম, মাসুদ রানা, মযহারুল ইসলাম, মফিজুর রহমান, বীথি ঘোষ, বাকী বিল্লাহ, ওলিভ সান প্রমুখ।