মন্ত্রিপরিষদ বিভাগ
মন্ত্রিপরিষদ বিভাগ

সরকারি কর্মচারী নিজ চাকরির বিষয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তাঁর চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নিয়ে তদবিরের বিষয়টি নির্ধারিত নথিপত্রে (ডোসিয়ার) সংরক্ষণ করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনাপত্র গতকাল বৃহস্পতিবার সব সচিব (মুখ্য সচিব, সিনিয়র সচিব ও সচিব), বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সরকারি কর্মচারীরা কী ধরনের আচরণ করবেন, তা ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর সংশ্লিষ্ট বিধিতে উল্লেখ রয়েছে। সে কথা স্মরণ করিয়ে নির্দেশনাপত্রে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, সরকারি কর্মচারীদের কারও কারও পক্ষে তাঁদের চাকরিসংক্রান্ত নানা তদবির করার জন্য বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বা ব্যক্তিরা বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্বারস্থ হচ্ছেন। বিষয়টি সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তা অসদাচরণের শামিল।

তবে কোনো কর্মচারী তাঁর চাকরিসংক্রান্ত বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ বা কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিতে পারবেন। তখন নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ বা কর্তৃপক্ষ এই আবেদন সর্বোচ্চ এক মাসের মধ্যে যৌক্তিকভাবে নিষ্পত্তি করবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।