নিপীড়নের শিকার ওই ছাত্রী ক্লাসে ফিরবেন শিগগির। তিনি এ ঘটনার যথাযথ বিচার চান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের ভেতর যৌন নিপীড়নের শিকার হওয়া সেই ছাত্রী ঘটনাটি প্রথমেই জানিয়েছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হককে। সেদিন রাতেই নিপীড়নকারীদের একজন তাঁর অনুসারী ইতিহাস বিভাগের ছাত্র আজিম হোসেনের (বহিষ্কৃত) ছবি দেখিয়ে নিশ্চিতও হন কারা ঘটিয়েছেন এ ঘটনা। এরপরই শুরু হয় ঘটনা আড়ালে নানা চেষ্টা।
গতকাল রোববার বিকেলে চতুর্থবারের মতো প্রথম আলোর সঙ্গে কথা বলেন নিপীড়নের শিকার ওই ছাত্রী। পুরো ঘটনাটিই মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেছেন। ওই ছাত্রী বলেন, ১৭ জুলাই রাত ১০টার দিকে তাঁকে শারীরিকভাবে নিপীড়ন করেন পাঁচ তরুণ। ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেন এলাকাতেই তাঁর সঙ্গে ওই ঘটনা ঘটে।
সেদিনের ঘটনার বিবরণ দিয়ে ওই ছাত্রী প্রথম আলোকে বলেন, ঘটনার পর ১৭ জুলাই রাত আনুমানিক ১২টার দিকে তিনি অন্য একজনের মুঠোফোন থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হককে ফোন করেন। তখন তিনি ক্যাম্পাসের গোলচত্বর এলাকাতেই অবস্থান করছিলেন। এরপর রাত প্রায় তিনটার দিকে আসেন রেজাউল হক। রেজাউলও পুরো ঘটনার বিবরণ শোনেন। মুঠোফোন থেকে অভিযুক্ত আজিমসহ বেশ কয়েকজনের ছবি দেখান। ছবি দেখার পর আজিমকে তিনি শনাক্ত করেন। শেষে ফিরে আসেন হলে।
ঘটনার পরদিন ১৮ জুলাই সকালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি নাসির উদ্দিন (রেজাউলের অনুসারী) ওই ছাত্রীর হলের সামনে আসেন। ওই ছাত্রী বলেন, ‘নাসির উদ্দিন এসে বলেন, ‘‘ক্যাম্পাসে এর আগে ধর্ষণের ঘটনাও ঘটেছে। কারও বিচার হয়নি। তোমার সঙ্গে যা ঘটেছে, তার বিচারও হবে না।”’
এরপর দুপুর ১২টার দিকে ওই ছাত্রী লিখিত অভিযোগ দিতে প্রক্টর রবিউল হাসান ভূঁইয়ার কার্যালয়ে যান। কিন্তু কার্যালয়ে কেউ ছিলেন না। বেলা তিনটার দিকে প্রক্টর কার্যালয়ে আসেন। এর মধ্যে হাজির হন রেজাউল হক।
ওই ছাত্রী বলেন, রেজাউল হক তাঁকে ডেকে কার্যালয়ের বাইরে নিয়ে যান। তারপর অভিযোগপত্র থেকে বিবস্ত্র করে ভিডিও দৃশ্য ধারণের বিষয়টি বাদ দিয়ে শুধু ছিনতাই হওয়ার ঘটনাটি উল্লেখ করতে বলেন। অভিযোগ দেওয়ার আগে রেজাউল হক বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছিলেন, ‘এসব কথা লিখলে তোমার নাম খারাপ হবে। বিয়ে হবে না। এসব আমার হাতে ছেড়ে দাও। আমি সব দেখব।’
ওই ছাত্রীর ভাষ্য, সেদিন আর তাঁর অভিযোগ দেওয়া হয়নি। এরপর ক্যাম্পাসেই এক পরিচিত ব্যক্তির বাসায় চলে যান। সেদিনের পর থেকে রেজাউল হক তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ১৯ জুলাই বেলা ১১টার দিকে ওই ছাত্রী অনেকটা গোপনেই লিখিত অভিযোগ দেন প্রক্টরের কাছে। ২০ জুলাই দুপুরে হাটহাজারী থানায় গিয়ে মামলা করেন। এর মধ্যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ঘটনার বিচার চেয়ে আন্দোলন শুরু করেন।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঘটনার পাঁচ দিন পর ২৩ জুলাই র্যাব পাঁচজনকে গ্রেপ্তার করার কথা জানায়। এর মধ্যে আজিম ও নুরুল আবছার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পরে র্যাব আসামিদের হাটহাজারী থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। আদালত তাঁদের কারাগারে পাঠান। গ্রেপ্তারের পর বিশ্ববিদ্যালয় দুই ছাত্রকে স্থায়ী বহিষ্কার করে।
ঘটনার একপর্যায়ে ওই ছাত্রীর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি রেজাউল। তবে তাঁর বাবাকে ফোন করেছিলেন তিনি। ওই ছাত্রী বলেন, মামলা হওয়ার পর তাঁর বাবাকে অন্তত পাঁচবার ফোন করেছিলেন রেজাউল। রাত একটা থেকে দুইটার মধ্যে তিনি ফোন করতেন। আর ফোন দিয়ে রেজাউল বলতেন, ‘তাঁরা যে আমাকে লিখিত অভিযোগ দিতে নিষেধ করেছেন, এ বিষয়টি যেন কাউকে না জানাই।’
ওই ছাত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে রেজাউল হক প্রথম আলোকে বলেন, আজিমসহ বেশ কয়েকজনের ছবি তিনি ওই ছাত্রীকে দেখিয়েছিলেন। তবে ওই ছাত্রী কাউকে চিনতে পারেননি। এ ছাড়া তিনি কাউকে ফোন কিংবা অভিযোগ দিতে বাধা দেননি।
এদিকে ওই ছাত্রী কিছুদিনের মধ্যেই ক্লাসে ফিরবেন বলে জানান। তিনি বলেন, এক মাস ধরে বাড়িতেই অবস্থান করছেন। তবে শিগগির ক্লাসে ফিরে আসবেন। বিশ্ববিদ্যালয় প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ওই ছাত্রীকে নিরাপদ রাখতে তাঁদের যা যা করা প্রয়োজন, তাঁরা করবেন।