
চট্টগ্রামের সিআরবিতে (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত পাহাড়ের ওপর অবস্থিত কাঠের ডাকবাংলোটি চলতি মাসের মধ্যেই মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে রূপান্তর করতে বলেছে রেলপথ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি। সেই সঙ্গে স্বাধীনতা সংগ্রাম ও প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজড়িত ইউরোপিয়ান ক্লাব দ্রুত সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কমিটি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এসব বলা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
সংসদীয় কমিটির সূত্র জানায়, এর আগের বৈঠকে সিআরবির ডাকবাংলোটি জাদুঘর করার সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। আজকের বৈঠকে এ বিষয়ে অগ্রগতি জানতে চাওয়া হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ডাকবাংলোয় রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরিবারসহ বসবাস করছেন। ওই কর্মকর্তাকে ডাকবাংলো ছেড়ে দেওয়ার জন্য ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। ডাকবাংলো খালি হলে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে রূপান্তরের কার্যক্রম গ্রহণ করা হবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজড়িত ইউরোপিয়ান ক্লাব সংরক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এটিকে জাদুঘরে রূপান্তরের জন্য একজন স্থপতির মাধ্যমে নকশা করার কাজ চলছে।
কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য ও রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম, শফিকুল আজম খাঁন ও গাজী মোহাম্মদ শাহ নওয়াজ বৈঠকে অংশ নেন।