মানবাধিকার দিবসে যৌথ বিবৃতি

মানবাধিকারকর্মী ও বিরোধীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে সরকার

Mozahidul Islam Mondal

আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা সত্ত্বেও দেশের সরকার বিভিন্ন মানবাধিকার সংগঠন ও কর্মীদের ওপর দমন–পীড়ন চালাচ্ছে। একই সঙ্গে সরকার নাগরিক অধিকারও সংকুচিত করছে। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক বিবৃতিতে দেশি ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এসব কথা উল্লেখ করেছে।

গতকাল শুক্রবার বিবৃতি দেওয়া সংগঠনগুলো হলো—অ্যান্টি–ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক (এডিপিএএন), এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স (এএফএডি), এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (ফোরাম–এশিয়া), এশিয়ার হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি), এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল), ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট (সিপিজেপি), সিভিসাস: ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, ইন্টার‍ন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ), মায়ের ডাক,  রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, অধিকার ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যাগেইনস্ট টরচার (ওএমসিটি)।

বিবৃতিতে বলা হয়, এমন সময়ে এবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসটি পালিত হচ্ছে, যখন বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে। এ ছাড়া বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেই সব ব্যক্তি ও পরিবারের প্রতি সমবেদনা ও একত্মতা প্রকাশ করেছে সংগঠনগুলো।

বিবৃতিতে  আরও বলা হয়, বর্তমান সরকার বিচার বিভাগ ও নির্বাচন কমিশনসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রাজনীতিকরণ করেছে। এর ফলে দেশের জনগণ সুশাসন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এই রাজনীতিকরণের কারণে সামাজিক ও রাজনৈতিক অধিকার, বাকস্বাধীনতা, সভা–সমাবেশের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের মানুষ।

বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে বলা হয়, এই দমনমূলক আইন ব্যবহার করে অনেককে হয়রানি করা হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা বিরোধী দলের নেতা–কর্মী ও ভিন্ন মতাবলম্বী মানুষদের ওপর নিয়মিত হামলা চালাচ্ছে। ক্ষমতাসীন দলের নেতা–কর্মীরা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদীত ও মিথ্যা মামলা করছে বিরোধী দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে।