টিকিট থাকার পরও যাত্রীর কাছে ঘুষ দাবি, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

টিকিট থাকার পরও ট্রেনে উঠতে এক ব্যক্তিকে বাধা, হত্যার চেষ্টা ও ঘুষ দাবির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাইন হাসান, লিটন চাকমা ও রবিউল ইসলাম।
র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ নগরের চাঁদগাঁও ক্যাম্পে আজ শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে এম এ ইউসুফ বলেন, গত ৮ আগস্ট চট্টগ্রাম থেকে মেইল ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য এক সেনাসদস্য চট্টগ্রাম রেলস্টেশনের প্ল্যাটফর্মে যান। তাঁর কাছে টিকিট ছিল।

তিনি একটি বগিতে উঠতে গেলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে বাধা দেন। পরে তিনি আরেকটি বগিতে উঠতে গেলে সেখানেও তাঁকে বাধা দেওয়া হয়। একপর্যায়ে তাঁর কাছে ৩০০ টাকা ঘুষ দাবি করা হয়।

এ ঘটনার প্রতিবাদ করলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কয়েক সদস্য ওই সেনাসদস্যকে রাইফেল দিয়ে মারধরের চেষ্টা করেন। সেনাবাহিনী নিয়েও নানা কটূক্তি করেন। এ ঘটনার প্রতিবাদ করলে এক সাংবাদিককে লাঞ্ছিত করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ওই সাংবাদিকের করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি র‌্যাবের নজরে আসে। পরে র‌্যাব অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনায় জড়িত আরেকজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। আসামিদের বিরুদ্ধে মারধর, হত্যার চেষ্টা, ঘুষ দাবির অভিযোগে মোট পাঁচটি মামলা হয়েছে।

এদিকে চট্টগ্রাম রেলস্টেশনে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গত বুধবার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে বরখাস্ত করে রেলওয়ে। বরখাস্ত হওয়া সদস্যরা হলেন সিপাহি মাইন হাসান রাকিব, লিটন চাকমা, ইয়াসির আরাফাত ও হাবিলদার মো. রবিউল ইসলাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আরএনবির সদস্যরা একটি বগিতে বিনা টিকিটের যাত্রীদের তুলছিলেন। এ জন্য যাত্রীদের কাছ থেকে ৩০০ টাকা করে নিচ্ছিলেন তাঁরা।