শিক্ষাবর্ষ শুরুর এক মাস সাত দিনের মাথায় ৭ ফেব্রুয়ারি বিনা মূল্যের শতভাগ পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সোমবার এনসিটিবি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে।
এনসিটিবি জানিয়েছে, চলতি ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মোট ৩০ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫৪টি পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক ও ইবতেদায়ি স্তরে ১১ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ৪৬১টি এবং মাধ্যমিক স্তরে ১৮ কোটি ৩২ লাখ ৮ হাজার ৬৯৩টি বই রয়েছে।
এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতির ৬ হাজার ২৬টি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষায় ১ লাখ ৮৫ হাজার ৭১৫টি পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়েছে। এর আগে গত ২৮ ডিসেম্বর ৬৪৭টি পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ এনসিটিবির ওয়েবসাইটে (www.nctb.gov.bd) দেওয়া হয়।
এবার প্রাথমিক স্তরের সব বই ডিসেম্বরের মাঝামাঝিতেই সরবরাহ করা হয়েছে। কিন্তু সংকট তৈরি হয় মাধ্যমিকের বিশেষ করে সপ্তম ও অষ্টম শ্রেণির বই নিয়ে। অবশেষে সব বই সরবরাহ করার কথা জানাল এনসিটিবি।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দুটি শিক্ষাবর্ষে বিনা মূল্যের পাঠ্যবই বিতরণের সুযোগ পেলেও একবারও বছরের শুরুতে সব শিক্ষার্থীর হাতে সব বই পৌঁছানো সম্ভব হয়নি। এর মধ্যে গত বছর শিক্ষাবর্ষ শুরুর পর সব বই সরবরাহে সময় লেগেছিল প্রায় তিন মাস, যা শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতির কারণ হয়।