
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী এক কন্যাশিশুকে নৃশংসভাবে হত্যাসহ দেশব্যাপী শিশু নির্যাতন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মশালমিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
আজ বুধবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়। মশালমিছিলটি ভিসি চত্বর ও মল চত্বর প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল চলাকালে সংগঠনটির নেতা–কর্মীদের ‘ধর্ষকের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘জাস্টিস! জাস্টিস! উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রশক্তির নেতারা দেশে চলমান অস্থিরতা, ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সরকারের সমালোচনা করেন। তাঁরা পল্লবীতে শিশু হত্যাকাণ্ডের দ্রুত বিচারসহ সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, এই সরকার আসার পর থেকেই একের পর এক মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। দেশের নিরাপত্তাব্যবস্থার আর কত অবনতি হলে, আর কত শিশু ধর্ষিত ও খুনের শিকার হলে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আন্দোলন করতে পারব?
এই ছাত্রনেতা আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কেবল পপুলিস্ট (জনপ্রিয়তা পাওয়ার মতো) কাজ করে যাচ্ছেন। তাঁকে কখনো আইন, কখনো সংবিধান, আবার কখনো শিক্ষামন্ত্রীর শিক্ষা উপদেষ্টা হিসেবে বক্তব্য দিতে দেখা যায়। কিন্তু রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁকে কোনো প্রেস ব্রিফিং করতে দেখা যায় না।
ছাত্রশক্তির সিনিয়র সহসভাপতি ও শামসুন্নাহার হল সংসদের ভিপি কুররাতুল আইন কানিজ বলেন, ‘এক সপ্তাহের মধ্যে দেশে পাঁচটি ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। মাত্র ১০ টাকা চাঁদার জন্য যখন একজন সিএনজি চালককে পিটিয়ে হত্যা করা হয়, তখন প্রশ্ন জাগে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব কি আদৌ বেঁচে আছেন? তিনি নির্বাচিত হওয়ার পর ফাঁকা বুলি ছাড়া দেশের জন্য কী করতে পেরেছেন?’
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, ‘যে সংবিধান মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, কোমলমতি বোনদের রক্ষা করতে পারে না, সেই সংবিধান বিশেষজ্ঞ সালাহউদ্দিনকে আমাদের দরকার নেই।’
সাইফুল্লাহ আরও বলেন, ‘বিএনপি সরকার তাদের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তারেক রহমানের গাড়ির পেছনে দৌড়ানোর প্র্যাকটিস করাচ্ছে, অথচ দেশজুড়ে বিচারবহির্ভূত হত্যা ও ধর্ষণের বিষয়ে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রশক্তির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাকিব, তথ্যবিষয়ক সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ এবং বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও শহীদুল্লাহ হলের ডাকসু সদস্য জমিদার নাঈম।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আট বছর বয়সী এক কন্যাশিশুর লাশ উদ্ধার করে পুলিশ।