
শ্রমিকেরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করলেও তার সুফল কখনো তাঁরা পাননি। এ জন্য শ্রমিকেরা এখন খুব ভয় পান। শ্রমিকেরা সংগঠিত না হলে দেশের অগ্রগতি দূরাশা হয়ে থাকবে। তাঁদের সংগঠিত করে রাস্তায় নামানো গেলে প্রতিক্রিয়াশীল পদক্ষেপ আটকে দেওয়া সম্ভব।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতি প্রয়াত সহিদুল্লাহ চৌধুরীর স্মরণে এক শোকসভায় বক্তারা এ কথা বলেন। শুক্রবার বিকেলে রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে এ শোকসভার আয়োজন করে টিইউসি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী ৩ জানুয়ারি রাজধানীর ডেমরার নিজ বাসায় মৃত্যুবরণ করেন।
বিশ্বব্যাপী এখন সংকট চলছে, এ সময় সহিদুল্লাহ চৌধুরীর খুব দরকার ছিল বলে এ শোকসভায় উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের গঠন করা শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। তিনি বলেন, সহিদুল্লাহ চৌধুরী আদর্শের প্রতি দৃঢ় থেকে সেটাকে এগিয়ে নিতে প্রতিটি কাজের সঙ্গে যুক্ত থাকতেন। এটার সঙ্গে যুক্ত হলে বিপ্লব থাকবে না—এ ধরনের কথা সহিদুল্লাহ চোধুরী বলতেন না বলেও উল্লেখ করেন সুলতান উদ্দিন আহমেদ। তিনি বলেন, সীমাবদ্ধতা পাশে রেখে, ভিন্নতাকে বজায় রেখেই সবাইকে একত্র হয়ে এগিয়ে যেতে হবে।
এ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক এম এম আকাশ বলেন, এখন আরেকজন সহিদুল্লাহ চৌধুরী প্রয়োজন, যিনি বর্তমান পরিস্থিতিতে অনানুষ্ঠানিক খাতে ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে পারবেন। এখন দেশের কর্মসংস্থানের প্রায় ৮০ শতাংশ কর্মসংস্থান ইমারত নির্মাণ, রিকশা–ভ্যানের মতো অনানুষ্ঠানিক খাতে। এই অনানুষ্ঠানিক খাতে ঢুকতে পারলে এবং সেই শক্তিকে রাজনীতিতে আনতে পারলে যেকোনো আন্দোলনে ঢাকা শহরে বহু মানুষকে নামানো যাবে। আর তাঁদের নামানো গেলে প্রতিক্রিয়াশীল পদক্ষেপগুলোকে আটকে দেওয়া যাবে।
শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের নতুন অবস্থানে উল্লেখ করে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, সেই জায়গায় কীভাবে শ্রমিক আন্দোলনকে এগিয়ে নেওয়া যায়, সেটা অবশ্যই ভাবতে হবে। শ্রমিকেরা যদি সংগঠিত না হন, দেশপ্রেমী না হন, আন্দোলনমুখী না হন, তাহলে দেশের অগ্রগতি দূরাশা হয়ে থাকবে।
কাজ করতে গিয়ে কেউ নিজেকে জাহির করার চেষ্টা করলে সহিদুল্লাহ চৌধুরী বিরক্ত হতেন বলে উল্লেখ করেন ফওজিয়া মোসলেম। সহিদুল্লাহ নিজেও কাজে গিয়ে নিজেকে জাহির করতেন না। নতুন মানুষ ও চিন্তাকে গ্রহণ করার গুণও সহিদুল্লাহ চৌধুরীর মধ্যে ছিল বলেও তিনি উল্লেখ করেন।
শোকসভার সভাপতিত্ব করেন টিইউসির সহসভাপতি মাহবুব আলম। তিনি বলেন, শ্রমিকেরা একসময় ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছেন। সেই আন্দোলনের সুফল কেউ কেউ নিশ্চয় পেয়েছেন, কিন্তু শ্রমিকেরা কখনো পাননি। যার জন্য শ্রমিকেরা এখন খুব ভয় পান। ইতিহাস জানলে ভয় পান যে আন্দোলন করে চাকরি হারালে কী খাবেন।
এখন শ্রমিকেরা খুবই খারাপ অবস্থায় আছেন উল্লেখ করে মাহবুব আলম বলেন, হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাচ্ছেন। শ্রমিক আইনের ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে।
দেশের সংকটকালে ও শ্রমজীবী মানুষের সংকটকালে যেন সবাই তাঁদের পাশে দাঁড়ায়, সেই আহ্বান জানান টিইউসির সহসভাপতি তপন দত্ত।
প্রয়াত সহিদুল্লাহ চৌধুরীর স্মৃতিচারণা করেন তাঁর সন্তান প্রকৌশলী তারিকুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, তাঁর বাবা শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করতেন। কারণ, সভ্যতার উন্নয়নের প্রথম ভূমিকা পালন করেন শ্রমিকেরা।
এ আয়োজনের শুরুতে সহিদুল্লাহ চৌধুরীর প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর উদীচী শিল্পীগোষ্ঠী প্রথমে শোকসংগীত, পরে গণসংগীত পরিবেশ করে। শোকসভা শুরুর আগে সহিদুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাঁর জীবনসংগ্রাম–সম্পর্কিত শোক প্রস্তাব পাঠ করেন টিইউসির দপ্তর সম্পাদক সাহিদা পারভীন।
টিইউসির অর্থ সম্পাদক কাজী রুহুল আমিনের সঞ্চালনায় শোকসভায় আরও বক্তব্য দেন বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের সদস্য মেসবাহ উদ্দিন আহমেদ, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিনিধি অচিন্ত্য নারায়ণ চৌধুরী, পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, টিইউসির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।