গোপালগঞ্জে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ, অগ্নিসংযোগ, ভাঙচুর নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। আজ সোমবার সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময়কালে
গোপালগঞ্জে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ, অগ্নিসংযোগ, ভাঙচুর নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। আজ সোমবার সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময়কালে

এটাই প্রমাণ করে গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে তাঁদের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

গোপালগঞ্জে  লগি, বইঠাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, ভাঙচুরের বিষয়টি দলটির দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, এটাই প্রমাণ করে গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে তাঁদের কোনো অস্তিত্ব নেই।    

আজ সোমবার সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও মতবিনিময়ে বক্তব্য দেন।

গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর ও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত বলে উল্লেখ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

গতকাল রোববার দিনভর লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা-কর্মীরা।

বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়। মহড়া দেওয়ার সময় তাঁদের কারও কারও মাথায় ছিল হেলমেট। তাঁরা বিভিন্ন স্লোগান দেন।

বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার এক উপপরিদর্শককে (এসআই) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে আগুন দেওয়া হয়েছে।