জিবরান তায়েবী হত্যা: আবেদন খারিজ, ইয়াছিনের যাবজ্জীবন বহাল

হাইকোর্ট
ফাইল ছবি

ভারতীয় নাগরিক জিবরান তায়েবী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনা চেয়ে আসামি ইয়াছিন রহমানের (টিটু) করা আবেদন (রিভিউ) খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ রায় দেন।

জিবরান তায়েবী হত্যা মামলায় আপিল বিভাগ ২০১২ সালের ১ আগস্ট সংখ্যাগরিষ্ঠের মতে ইয়াছিনের করা আপিল খারিজ করে রায় দেন। ফলে হাইকোর্টের রায়ে তাঁর বিরুদ্ধে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকে। আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে ২০১৪ সালে আবেদন (রিভিউ) করেন ইয়াছিন।

আদালতে পুনর্বিচেনার আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, সরওয়ার আহমেদ ও তানিয়া আমীর। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।

চট্টগ্রাম সেন্ট্রাল মেরিটাইম (বিডি) লিমিটেডের প্রিন্সিপাল রিপ্রেজেনটেটিভ হিসেবে কর্মরত থাকাকালে ১৯৯৯ সালের ৯ জুন অফিস থেকে বাসায় ফেরার পথে জিবরান তায়েবীকে আগ্রাবাদে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় পরদিন ডবলমুরিং থানায় জিবরানের এক সহকর্মী জেমস রায় মামলা করেন। জিবরানের বাবা টি এ খান পশ্চিমবঙ্গ পুলিশের তৎকালীন শীর্ষ কর্মকর্তা ছিলেন। চাকরিসূত্রে ওই সময় জিবরান তাঁর স্ত্রী তিতলী নন্দিনীকে নিয়ে চট্টগ্রামে অবস্থান করছিলেন। অন্যদিকে আসামি ইয়াছিন শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ কেডিএসের চেয়ারম্যান এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমানের ছেলে।

আদালত সূত্র জানায়, ওই ঘটনায় করা মামলায় ১৯৯৯ সালের ২২ নভেম্বর আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আট আসামি হলেন ইয়াছিন, মো. ওসমান আলী, আলী আকবর ওরফে দিদারুল আলম, জিল্লুর রহমান, জাহিদ হোসেন ওরফে কিরণ, মো. সিদ্দিক, ওমর আলী ওরফে জাহাঙ্গীর কসাই ও আলমগীর। এ মামলায় ২০০২ সালের ১২ এপ্রিল চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের রায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামি ইয়াছিন, ওমর আলী ও আলমগীর খালাস পান।

আদালত–সংশ্লিষ্ট সূত্রমতে, ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ হাইকোর্টে আপিল করে। আসামিরাও রায়ের বিরুদ্ধে আপিল করেন। আপিলের শুনানি শেষে ২০০৭ সালের ২৮ মার্চ হাইকোর্ট পলাতক ইয়াছিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে নিম্ন আদালতের রায়ে খালাসপ্রাপ্ত ওমর আলী ওরফে জাহাঙ্গীর কসাই ও আলমগীরকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া নিম্ন আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. সিদ্দিক খালাস পান। হাইকোর্টের রায়ের পর ২০১১ সালের ৯ অক্টোবর দেশে ফিরে এসে পরদিন চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করেন ইয়াছিন। পরে তাঁকে জেলহাজতে পাঠান আদালত। ওই বছরের ১৭ অক্টোবর কারাগারে থেকে তিনি আপিল বিভাগে আবেদন করেন। একই বছরের ২৪ অক্টোবর বিলম্ব মার্জনা করে আদালত আপিল শুনানির জন্য বিষয়টি তালিকাভুক্তির নির্দেশ দেন। আপিলের ওপর শুনানি শেষে আপিল বিভাগ ২০১২ সালের ১ আগস্ট সংখ্যাগরিষ্ঠ মতে আপিল খারিজ করে রায় দেন।