বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়া সফর শেষে গতকাল বুধবার দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘দ্য ডিফেন্স সার্ভিসেস এশিয়া (ডিএসএ) ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া (ন্যাটশেক)-২০২৬’ প্রদর্শনীতে অংশ নেন। সেখানে তিনি বিভিন্ন দেশের আধুনিক প্রতিরক্ষাব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি পরিদর্শন করেন।
পাশাপাশি সেনাপ্রধান ‘এশিয়ান সিকিউরিটি অ্যাট দ্য ইমার্জিং টেকনোলজিস’—এই মূল বিষয়কে আলোকপাত করে আয়োজিত অষ্টম পুত্রজায়া ফোরামে অংশ নেন। সফরকালে তিনি মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রতিরক্ষাসংক্রান্ত বিষয়, যৌথ উদ্যোগ গ্রহণ, যৌথ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান ১৯ এপ্রিল সরকারি সফরে মালয়েশিয়ায় গিয়েছিলেন।