চট্টগ্রামের সাতকানিয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিদুয়ানুল ইসলামের বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এ সময় তিনটি গাড়ি ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়। আজ সকালে তোলা

সাতকানিয়া

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়ি লক্ষ্য করে গুলি, গাড়ি ভাঙচুর

চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ, তিনটি গাড়ি ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ওই আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ নভেম্বর তাঁকে দল থেকে তাঁকে বহিষ্কারের দাবিতে ঝাড়ুমিছিল করেছিল যুবলীগ ও ছাত্রলীগ। পাশাপাশি তাঁর ছবি পোড়ানো হয় ওই দিন।

চট্টগ্রামের সাতকানিয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিদুয়ানুল ইসলামের বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এ সময় তিনটি গাড়ি ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়। আজ সকালে তোলা

এর পর থেকেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোটের মাঠে উত্তেজনা চলছিল। গত মঙ্গলবার বিকেলে উপজেলার চরতী ইউনিয়নের দক্ষিণ চরতী এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সমর্থক মোহাম্মদ ইলিয়াছ নামের এক ব্যক্তিকে মারধর ও তাঁর দোকান ভাঙচুরের অভিযোগ ওঠে স্বতন্ত্র প্রার্থী মোতালেবের সমর্থকদের বিরুদ্ধে। এর আগে ১ ডিসেম্বর দিবাগত রাতে পশ্চিম ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রিয়াজ উদ্দিনের ইছামতি আলীনগর এলাকায় বাড়ি লক্ষ্য করেও গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। এমন পরিস্থিতিতে গতকাল আবারও সহিংসতার ঘটনা ঘটেছে ওই এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের সমর্থক পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিদুয়ানুল ইসলামের বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়েন। তবে পুলিশ বলছে, এ ব্যাপারে এখনো থানায় কেউ অভিযোগ করেনি।

গতকাল গুলিবর্ষণ ও ভাঙচুরের সময় পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম। এ ঘটনার জন্য তিনি সংসদ সদস্য নদভীর সমর্থকদের দায়ী করেন। রিদুয়ানুল বলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সমর্থক রিয়াজ উদ্দিনের নেতৃত্বে গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা একটি মাইক্রোবাস, স্বতন্ত্র প্রার্থী মোতালেবের নির্বাচনী কার্যালয়, নির্বাচনী প্রচারণার কাজে নিয়োজিত একটি অটোরিকশা ও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি ট্রাক ভাঙচুর করেন। হামলাকারীরা নদভীর পক্ষে স্লোগানও দেন বলে দাবি করেন রিদুয়ানুল।

তবে রিয়াজ উদ্দিন এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন। মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, তিনি নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক হলেও এখনো নির্বাচনী কোনো প্রচার-প্রচারণার কাজে এলাকায় সম্পৃক্ত হননি। হামলায় তাঁর সম্পৃক্ততা নেই। গত ১০ দিন ধরে তিনি গ্রামের বাড়িতে যাননি বলে দাবি করেন।  ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম ও তাঁর লোকজন গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনা সাজিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন বলে রিয়াজ দাবি করেন।  

চট্টগ্রামের সাতকানিয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিদুয়ানুল ইসলামের বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এ সময় তিনটি গাড়ি ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়। আজ সকালে তোলা

জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব প্রথম আলোকে বলেন, ‘নদভীর লোকজনই আমার সমর্থক ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল ইসলামের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করেছেন। তাঁরা আমার নির্বাচনী কার্যালয় ও গাড়ি ভাঙচুর করেছেন। এ ঘটনার আমি তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
তবে অভিযোগের বিষয়ে সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য জানার জন্য মুঠোফোনে একাধিকবার কল করা হলে সংযোগ পাওয়া যায়নি।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান প্রথম আলোকে বলেন, ‘গতকাল দিবাগত রাতে পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর এলাকায় গুলিবর্ষণ ও ভাঙচুরের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখান থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। ওই এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ ও স্থানীয় কিছু মানুষের মুঠোফোনের কল লিস্ট পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ বা মামলা হয়নি।’

ঘটনার সময় পুলিশের টহল দলের উপস্থিতির ব্যাপারে জানতে চাইলে শিবলী নোমান বলেন, তাঁদের দেওয়া অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।