
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই জায়গায় ও একই সময়ে তিনটি সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে। এর প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার মধ্যরাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ নাসির উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একই জায়গায় আর একই সময়ে তিনটি সংগঠনের সমাবেশের ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ভাষাশহীদ রফিক ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশব্যাপী ইসলামী ছাত্রশিবিরের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড, ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা এবং মবতন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে।
একই সময় ও একই জায়গায় ‘ঐক্যবদ্ধ জগন্নাথ’–এর ব্যানারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।
এ ছাড়া বৃহস্পতিবার দুপুর ১২টায় ভাষাশহীদ রফিক ভবনে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান করার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।