
সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ ছাড়া কোরবানির পশুবাহী যানবাহন না থামানোর জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। করোনা অতিমারিতে সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোরও অনুরোধ জানান তিনি।
ঈদুল আজহাকে কেন্দ্র করে আজ বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরে আইজিপি বেনজীর আহমেদ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ উপমহাপরিদর্শক (ডিআইজি) ও জেলার পুলিশ সুপারদের এক ভার্চ্যুয়াল সভায় এসব নির্দেশনা দেন।
পশুবাহী ট্রাক বা লঞ্চে নির্দিষ্ট হাটের নাম উল্লেখ করে ব্যানার টানানো, এক হাটের পশুবাহী গাড়ি অন্য হাটে প্রবেশ নিয়ন্ত্রণ করতে হাট কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান বেনজীর। আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী মানুষের চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়ক-সড়কে হাইওয়ে ও জেলা পুলিশ এবং নৌপথে নৌ পুলিশকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
পুলিশপ্রধান বেনজীর আহমেদ দেশের প্রধান প্রধান ঈদ জামাতস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে পোশাকে, সাদাপোশাকে পুলিশ মোতায়েনের নির্দেশ দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অন্য মাধ্যমে কেউ যেন গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়াতে অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা বলেন তিনি।
সভায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি, সংশ্লিষ্ট ডিআইজি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।