আমিনবাজারের বেইলি ব্রিজ ভেঙে নদীতে

আমিনবাজার বেইলি ব্রিজের ভাঙা স্প্যান তিন দিনেও সরানো হয়নি

গাবতলীর তুরাগ নদে আমিনবাজার বেইলি ব্রিজের ভাঙা স্প্যান দুটি এখনো সরাতে পারেনি সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদার। তবে এই এলাকা দিয়ে সীমিত ও সতর্কভাবে নৌযান চলাচলের জন্য নৌপথটি খুলে দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএর ট্রাফিক সুপারভাইজার কোরবান আলী প্রথম আলোকে বলেন, ‘ভাড়া করে আনা ক্রেনটি ছোট হওয়ায় ভাঙা স্প্যানগুলো সরানো সম্ভব হয়নি। নারায়ণগঞ্জ থকে নতুন আরেকটি ক্রেন আনা হচ্ছে।’

সেতুর ভাঙা অংশ অপসারণকাজের ঠিকাদার হাসান মিয়া জানিয়েছেন, কাল সোমবার সকাল ১১টার মধ্যে ভাঙা অংশ অপসারণ করা হবে। যে ক্রেনটি আসছে, সেটি রাত ১০টার সময় ঘটনাস্থলে নেওয়া হবে। তীব্র স্রোতের কারণে এটি ঘণ্টায় পাঁচ ফুট পর্যন্ত স্প্যানগুলোকে টেনে আনতে পারবে।

আমিনবাজার (গাবতলী) সড়ক সেতুর পাশে পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজটি গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নদে ভেঙে পড়ে।