ধানমন্ডির আর্ট গ্যালারিতে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে সাঈদ সিদ্দিকীর প্রথম একক আলোকচিত্রের প্রদর্শন ‘গ্লোরিয়াস পিক্সেলস’। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী, কবি বেলাল চৌধুরী, চিত্রশিল্পী আনোয়ার হোসেন প্রমুখ।প্রদর্শনীতে ৮০টি আলোকচিত্র স্থান পেয়েছে। দেশলাইয়ের কাঠিতে আগুন জ্বলার মুহূর্ত ধারণ করা হয়েছে একটি ছবিতে। খাবার টেবিলে ফল ও ছুরির সহাবস্থান আছে অন্য এক ছবিতে। একটি ফাঁকা টেবিলে চায়ের কাপের পাশে রঙিন ফুল দিয়ে বোঝানো হয়েছে নিঃসঙ্গতা। কখনো তারকা, কখনো একেবারে সাদামাটা মানুষের মুখ স্থান পেয়েছে ছবিগুলোতে। প্রদর্শনী ৪ মার্চ পর্যন্ত চলবে বেলা তিনটা থেকে রাত আটটা।