
আন্তর্জাতিক উদরাময় গবেষণকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) নতুন নমুনা সংগ্রহ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার থেকে এটি চালু হচ্ছে।
সারা বছর প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। তবে কোভিড-১৯–এর পরীক্ষা করতে ইচ্ছুক ব্যক্তিদের মহাখালী কেন্দ্রে যেতে হবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক তাহমিদ আহমেদ এবং ল্যাবরেটরি সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস বিভাগের ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ পরিচালক দিনেশ মন্ডল এ কেন্দ্রের উদ্বোধন করেন। আইসিডিডিআরবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রটি উত্তরার ১৪ নম্বর সেক্টরের এস এইচ প্রোপার্টিজ (বাড়ি নম্বর ৩৫, গাউসুল আজম অ্যাভিনিউ)।
উদ্বোধনী অনুষ্ঠানে রোগ শনাক্তকরণ ও চিকিৎসার ক্ষেত্রে ল্যাবরেটরি টেস্টের গুণগত মান ও সহজলভ্যতার ওপর গুরুত্বারোপ করেন তাহমিদ আহমেদ। তিনি বলেন, ‘আইসিডিডিআরবি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করার প্রয়াসে প্রতিশ্রুতিবদ্ধ। রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রচেষ্টার জন্য এটি অপরিহার্য।’
দিনেশ মন্ডল আশা প্রকাশ করে বলেন, ‘এই নমুনা সংগ্রহ কেন্দ্রটি শুধু উত্তরার মানুষকেই উপকৃত করবে না, বরং এর পার্শ্ববর্তী এলাকা যেমন টঙ্গী ও গাজীপুরে বসবাসকারী মানুষের জন্যও নির্ভরযোগ্য ডায়াগনস্টিক সেবা দেওয়ার মাধ্যমে সঠিক রোগনির্ণয়ে সহায়তা করবে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিডিডিআরবির ডায়াগনস্টিক সেবা থেকে অর্জিত অর্থ প্রতিবছর আইসিডিডিআরবির ঢাকা ও মতলব হাসপাতালে আগত দুই লাখেরও বেশি রোগীর বিনা মূল্যে জীবনরক্ষাকারী চিকিৎসাসেবায় সহায়তা করে।