উত্তরায় পানির সংকট

উত্তরা ১২ নম্বর সেক্টরের কয়েকটি সড়কের বাসিন্দারা এক সপ্তাহ ধরে পানির সংকটে ভুগছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, পানির সংকট চলছে সেক্টরের ১, ৩, ৪, ৫, ৬/এ, ৬/বি, ১৩ ও ১৪ নম্বর সড়কে। এসব সড়কের বেশির ভাগ বাসায় এক সপ্তাহ ধরে ঠিকমতো পানি আসছে না।

এ বিষয়ে জানতে চাইলে গত বৃহস্পতিবার ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান প্রথম আলোকে বলেন, ‘উত্তরার ১২ নম্বর সেক্টরে পানির সমস্যা ছিল। সে সমস্যার সমাধান হয়েছে। তবে দু-এক দিনের মধ্যে কোনো সমস্যা হয়ে থাকলে আমি খবর পাইনি। এ বিষয়ে খোঁজ নেব।’

স্থানীয় লোকজন বলেন, পানির সংকটে রান্নাবান্না, ধোয়ামোছাসহ জরুরি কাজ ঠিকভাবে করা যাচ্ছে না। কাজ চালিয়ে নিতে তাঁরা ওয়াসার পানির গাড়ি থেকে পানি কিনছেন। অনেকে বেশি টাকা দিয়েও পানি পাচ্ছেন না। পানি না পেয়ে অনেকেই বোতলজাত পানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। আশপাশে থাকা আত্মীয়স্বজনের বাড়িতে গিয়ে গোসলসহ প্রয়োজনীয় কাজ সারছেন অনেকে।

১২ নম্বর সেক্টরের ৬/বি সড়কের বাসিন্দা রাবেয়া খাতুন বলেন, সারা দিন পানি পাওয়া যাচ্ছে না। মাঝরাতে সামান্য পানি এলেও কেউ পায়, কেউ পায় না।

ওয়াসা সূত্র জানায়, ১২ নম্বর সেক্টরের ৩, ১২ ও ১৮ নম্বর সড়কে ওয়াসার তিনটি গভীর নলকূপ আছে। এর মধ্যে ১২ নম্বর সড়কে পার্কের ভেতরে থাকা গভীর নলকূপের পানির উৎপাদনক্ষমতা কমে গেছে। সূত্রমতে, ২০১৫ সালে পাম্পটি স্থাপন করা হয়েছে। নলকূপটির পানি উত্তোলনক্ষমতা বর্তমানে অর্ধেকে নেমে এসেছে। এতে ওই নলকূপ থেকে যেসব এলাকায় পানি সরবরাহ করা হয়, সেখানে দেখা দিয়েছে পানির তীব্র সংকট।

এই পাম্পের অপারেটর মো. আলমগীর বলেন, কয়েক দিন ধরে পানির উৎপাদন কম হচ্ছে। এতে প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহ করা যাচ্ছে না।

স্থানীয় লোকজন বলেন, পানি সরবরাহের লাইনগুলোও সমান্তরালে নেই। পাইপলাইন কোথাও একটু বেশি গভীরে, কোথাওবা একটু কম। এতে যেটুকু পানি উৎপাদিত হয়, সেই পানি সব বাসায় যাচ্ছে না।

উত্তরা ৫ নম্বর সেক্টরের বাসিন্দা মাহফুজুল হক বলেন, ওয়াসার মূল লাইনের সঙ্গে যুক্ত ৫ নম্বর সড়কের ১ থেকে ২৪ নম্বর বাসা পর্যন্ত কিছুটা পানি পাওয়া যাচ্ছে। এরপর ৭২ নম্বর বাড়ি পর্যন্ত কোনোটিতেই পানি যাচ্ছে না।

উত্তরা ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ কে এম নাসিরুল্লা বলেন, রোজার মাসে পানির সমস্যা ছিল। এখন প্রায় এক সপ্তাহ ধরে পানির সমস্যা হচ্ছে। বৃহস্পতিবার তাঁরা ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা দ্রুত সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী রিয়াজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ১২ নম্বর সড়কের পাম্পে যান্ত্রিক ত্রুটি আছে। এ কারণে উৎপাদনক্ষমতার তুলনায় কম পানি উত্তোলিত হচ্ছে। পাম্পটি ঠিক করা হচ্ছে। শনিবারের মধ্যে কাজ হয়ে যাবে। তখন পানির আর সমস্যা থাকবে না।