
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা দিতে বের হয়ে রাজধানীর বিএএফ শাহীন কলেজের এক ছাত্র মঙ্গলবার নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার পরিবার ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
নিখোঁজ ওই ছাত্রের নাম রুমান হোসেন। তার উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি, গায়ের রং ফরসা, পরনে ছিল কলেজের ইউনিফর্ম। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভুলবাড়িয়ায়। ঢাকার দক্ষিণ মানিকদীর বাসায় পরিবারের সঙ্গে থাকে রুমান। সেখান থেকে মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে পরীক্ষা দিতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের উদ্দেশে রওনা হয় সে। তার বাবা হাবিবুর রহমান পুলিশের কনস্টেবল। দুই ভাই এক বোনের মধ্যে রুমান সবার ছোট।
রুমান হোসেনের বড় ভাই রুবেল হোসেন প্রথম আলোকে বলেন, সোমবার বাংলা প্রথমপত্র পরীক্ষা দেওয়ার সময় তিনি নিজে রুমানকে রিকশায় করে পরীক্ষার কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন। মঙ্গলবার সকালেও তিনি তাকে রিকশায় করে যেতে বলেছিলেন। পরীক্ষা শেষ হওয়ার পর কলেজের এক শিক্ষক বেলা দেড়টার দিকে ফোন দিয়ে জানান, রুমান পরীক্ষা দিতে যায়নি। এরপর তাঁরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও সন্ধান পাননি।
রুবেল হোসেন বলেন, পরীক্ষার হলে মুঠোফোন নেওয়া যায় না বলে রুমান তার ব্যবহৃত ফোনটি বাসায় রেখে গিয়েছিল। কারও সঙ্গে তার বিরোধের কথা তাঁদের জানা নেই। নিখোঁজের কোনো কারণও তাঁরা খুঁজে পাচ্ছেন না।
ক্যান্টনমেন্ট থানার কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু রায়হান প্রথম আলোকে বলেন, থানার এসআই তানভীর আহমেদ জিডির বিষয়টি তদন্ত করে দেখছেন।