
পরবর্তী প্রজন্মের স্নাতকদের মধ্যে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার গুরুত্ব তুলে ধরতে রাজধানীতে ‘একাডেমিয়া গোজ বিয়ন্ড’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব বিজনেসের উদ্যোগে আজ সোমবার এ সেমিনার অনুষ্ঠিত হয়। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেমিনারে বাংলাদেশের আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শিক্ষার্থীরা কীভাবে নিজেদের প্রস্তুত করতে পারে, সে বিষয়ে আলোচকেরা শিক্ষার্থীদের সঙ্গে নিজেদের বাস্তব জীবনের অভিজ্ঞতা বিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সাংসদ নিজাম উদ্দিন জলিল। মূল বক্তা হিসেবে বক্তব্য দেন কোকাকোলা বাংলাদেশ বেভারেজের ডিরেক্টর (পাবলিক অ্যাফেয়ার্স, কমিউনিকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি) আনোয়ারুল আমিন। স্কুল অব বিজনেসের সিনিয়র লেকচারার শিস স্বাপ্নিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্যানেলিস্ট হিসেবে ছিলেন বাংলাক্যাটের গ্রুপ ব্র্যান্ড ম্যানেজমেন্টের প্রধান তৌসিফুল হাসান।
অন্যান্যের মধ্যে সেমিনারে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের জ্যেষ্ঠ উপদেষ্টা অধ্যাপক এইচ এম জহিরুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক এস এম আরিফুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক শাহরুখ আদনান খানসহ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব বিজনেসের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।