
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানিয়েছেন, বেসরকারি টেলিভিশন ডিবিসির কর্মী আবদুল বারী হত্যাকাণ্ডের রহস্য এখনো উদ্ঘাটন করা যায়নি। এ জন্য আরও সময় প্রয়োজন।
শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কে এম হাফিজ আক্তার সাংবাদিকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি বলেন, ডিবি ছাড়াও পিবিআই, সিআইডিসহ অনেক সংস্থা একসঙ্গে কাজ করছে।
ঘটনাস্থল থেকে নিহত আবদুল বারীর একটি ফোন পাওয়া গেছে। সেটি ওপেন করা যায়নি। অনেক বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে। এই হত্যার রহস্য উদ্ঘাটনে অনেক কিছু মেলাতে হবে।
গণমাধ্যমকর্মী আবদুল বারীর লাশ গত বুধবার সকালে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা ও পেট কাটা হয়। এ ঘটনায় নিহত আবদুল বারীর ভাই বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা করেন।
পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হয়। যদিও কারও সঙ্গে তাঁর বিরোধের তথ্য এখনো জানা যায়নি।
বারীর সহকর্মীরা জানান, আবদুল বারী অবিবাহিত ছিলেন। তিনি মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় ডিবিসি কার্যালয়ের কাছে একটি মেসে থাকতেন। সিসিটিভি ক্যামেরায় তাঁকে ঘটনার আগের রাতে মেস থেকে বের হতে দেখা গেছে। তবে সেদিন তিনি কেন হাতিরঝিলে গিয়েছিলেন, তা জানা যায়নি।