জগন্নাথ বিশ্ববিদ্যালয়

গণিত বিভাগে স্বর্ণপদক দেওয়ার ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে আনুষ্ঠানিকভাবে ‘এ এফ মুজিবুর রহমান গোল্ড মেডেল অ্যাওয়ার্ড’ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। এখন থেকে প্রতিবছর গণিত বিভাগে স্নাতক (বিএসসি) ও স্নাতকোত্তর (এমএসসি) চূড়ান্ত পরীক্ষার সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে দুজন শিক্ষার্থীকে এই স্বর্ণপদক, সনদ ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।
গতকাল উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পদক প্রদানের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে গণিত বিভাগ এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপাচার্য মীজানুর রহমান, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফিরোজ আই ফারুকী, গণিত বিভাগের চেয়ারম্যান রেজাউল করিম, কোষাধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন আশরাফ-উল-আলম প্রমুখ উপস্থিত ছিলেন।