
মতিলাল খুবই বিচক্ষণ। কাকে ভয় দেখাতে হবে জানে। ভালোই বোঝে ১০ আর ২০ টাকার পার্থক্য। ১০ টাকার লাল নোট এগিয়ে দিলে প্রত্যাখ্যান করে। খুশি ২০, ৫০–এ।
আজ রোববার বিকেলে রাজধানীর ফার্মগেট হয়ে পান্থপথে যাওয়ার পথে মতিলাল কয়েক মিনিট থামিয়ে দিল যানবাহন চলাচল। মোটাসোটা শরীর নিয়ে সে দাঁড়িয়ে যাচ্ছিল মাঝপথে। গাড়ি দেখলেই আটকাচ্ছে আর চালক ভয়ে টাকা বাড়িয়ে দিচ্ছে।
তখনো তাদের চোখেমুখে আতঙ্ক, হঠাৎ শুঁড়টা দিয়ে কোনো অঘটন ঘটিয়ে না বসে মতিলাল! পিঠে বসেছিল এক কিশোর মাহুত। সে জানাল, মতিলালের খাবারের টাকা নেই। তাই বাধ্য হয়ে চাঁদা তুলতে নিয়ে এসেছে রাজধানীতে।
হাতি মরলে লাখ টাকা, মারলেও জরিমানা লাখ টাকা আর খাওয়াতেও সমপরিমাণ অর্থ প্রয়োজন। কিন্তু বেচারা হাতির তো আর কিছু করার নেই। তাকে খেতেই হয়। খাবারে টান পড়লে সে সুযোগের সদ্ব্যবহার করে। ফসলের মাঠে ঢুকে যায়। গৃহস্থের বাগানে হামলা চালায় আবার নিজেও রেললাইনে আটকে পড়ে। রোববার দ্য ডেইলি স্টার প্রকাশিত ‘শিকারিদের কারণে বিবর্তন, বাড়ছে দাঁতহীন হাতির সংখ্যা’ শিরোনামে প্রকাশিত সংবাদ বলছে, দীর্ঘদিন ধরে শিকারিদের উৎপাতের ফলে মোজাম্বিকের একটি পার্কে প্রাকৃতিকভাবেই জন্ম নিচ্ছে দাঁতহীন হাতি। কিন্তু গাজীপুর থেকে আসা হাতি মতিলাল এত সব খবর রাখে না।
সে পেটের দায়ে মাহুতের সঙ্গে এসেছে রাজধানীতে। কিন্তু ভাবভঙ্গি দেখে মনে হলো মতিলাল ভালোই জানে পথঘাট আর টাকার হিসাব। এমনকি কাকে যে আটকাতে হবে, তা–ও জানে সে।
ফার্মগেট থেকে পান্থপথ মোড়ে যাওয়ার পথে সে শুধু গাড়িগুলো আটকেছে। এর মধ্যে এক আখের রস বিক্রেতার দোকান থেকে ছিনিয়ে নিয়েছে আখ। পথের মধ্যে রীতিমতো দ্বার প্রহরীর ভূমিকা নিয়ে গাড়ি থেকে টাকা নিচ্ছিল মতিলাল। এর মধ্যে পান্থপথের মোড়ের সিগন্যাল ছেড়ে দিলে গাড়ি ছুটতে শুরু করে। এতক্ষণ ধরে সবাইকে আতঙ্কে রাখা মতিলাল তখন নিজেই ভড়কে যায়। যানবাহনের জটে সে একবার চেষ্টা করে ফুটপাতে উঠে যেতে। এ সময় এতক্ষণ যাঁরা ব্যাপক আগ্রহ নিয়ে হাতি দেখছিলেন, তাঁরা ভয়ে দৌড় দেন। তাতে মতিলালের ভাবগম্ভীর আচরণের খোলস গেল খুলে।
ভয়ে সে দুই পা ফুটপাতে তুলে আর পেছনের দুই পা সড়কে রেখে বুঝল নিজে বিপদগ্রস্ত। বিশাল বপু নিয়ে ওর তখন পালাই দশা। সামনে পেল লাল সিটের এক রিকশা। বেচারা চালক রিকশাটা রেখে এই হাতি দেখতেই এগিয়েছিলেন। মতিলাল উল্টে দিল রিকশা। যানজটটা একটু কমতেই আবার আগের মেজাজে ফিরেছে সে।
শুরু হলো মতিলালের গাড়ি থেকে টাকা নেওয়া। ওই মুহূর্তে পান্থপথ দিয়ে যাচ্ছিল পুলিশের গাড়ি। অন্যান্য বাহনের অবস্থা দেখে চালক গতি কমিয়েছিলেন। কিন্তু মতিলাল পুলিশের গাড়ির দিকে এগোল না। গাজীপুর থেকে আসা এই হাতি টাকা নেয়নি শুধু রিকশা আর পুলিশের গাড়ির চালকদের কাছ থেকে।