চাল, ডালের ব্যবসার নামে ৫০ কোটি টাকা আত্মসাৎ, স্বামী–স্ত্রী গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

চাল, ডাল, চিনি, মাছ ও মুরগির ব্যবসার নামে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার রাজধানীর পরিবাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন তৌহিদুল আনোয়ার ও তাঁর স্ত্রী লুৎফুন্নাহার। ডিবি বলছে, অর্ধশতাধিক প্রতিষ্ঠান থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন তাঁরা। ২০১৯ সালে এমডি অ্যাসেট গ্রুপ নামে রাজধানীর ইস্টার্ন প্লাজায় একটি অফিস খোলেন তৌহিদুল আনোয়ার। সেখানে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ নিয়ে ব্যবসার নামে প্রতারণা শুরু করেন। পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী ও বিজিবিতে পণ্য সরবরাহের কথা বলে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অর্ডার বা ফরমাশ দিতেন তৌহিদুল।

এ বিষয়ে ডিবির রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক প্রথম আলোকে বলেন, পণ্যের অর্ডার দিয়ে ৫০ শতাংশ টাকা পরিশোধ করতেন তৌহিদুল। এতে ওই ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে তাঁর বিশ্বাসযোগ্যতা তৈরি হতো। একপর্যায়ে গিয়ে পণ্য নিয়ে আর টাকা দেওয়া হতো না।

ডিবি সূত্র জানায়, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পণ্য নিয়ে খোলাবাজারে বিক্রি করত এ প্রতারক চক্র। গত ২ বছরে ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রায় ২০০ কোটি টাকা লেনদেন করেছেন এ প্রতারক চক্রের সদস্যরা। শুরু থেকে পণ্যের দামের অর্ধেক টাকা পরিশোধ করলেও তিন মাস ধরে কোনো টাকা পাওনাদারদের দিচ্ছিলেন না তাঁরা।
এ প্রতারক চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবি রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মিশু বিশ্বাস। তিনি প্রথম আলোকে বলেন, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।